২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের চেয়ে উপজেলায় প্রায় ২০ শতাংশ ভোট কম পড়েছে

নবম সংসদ নির্বাচনের চেয়ে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে ২০ শতাংশ ভোট কম পড়েছে। এবার দেশের ৪৭৫টি উপজেলার মোট ভোটারের ৬৭ দশমিক ৬৯ শতাংশ নাগরিক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান- এই তিন পদে ভোট দিয়েছেন। মাত্র ২৩ দিন আগে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোট পড়ার হার ছিল মোট ভোটারের ৮৭ দশমিক ২৯ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ফেব্রুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদ নির্বাচনের চেয়ে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে ২০ শতাংশ ভোট কম পড়েছে। এবার দেশের ৪৭৫টি উপজেলার মোট ভোটারের ৬৭ দশমিক ৬৯ শতাংশ নাগরিক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান- এই তিন পদে ভোট দিয়েছেন। মাত্র ২৩ দিন আগে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোট পড়ার হার ছিল মোট ভোটারের ৮৭ দশমিক ২৯ শতাংশ। ২২ জানুয়ারি অনুষ্ঠিত ৪৭৫ টি উপজেলার ভোটের ফলাফল পর্যালোচনা করে নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রাথমিকভাবে এ তথ্য মিলেছে। রোববার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপজেলা নির্বাচনে ভোট পড়ার হার পর্যালোচনা করে শিগগির আমরা জানাব। সোমবারের কমিশন বৈঠকে তৃতীয় উপজেলা নির্বাচনের সার্বিক বিষয়ে আলোচনা হবে।" এর আগে সিইসি এটিএম শামসুল হুদা জানান, সংসদ নির্বাচনে চেয়ে উপজেলা নির্বাচনে ভোটারদের উপস্থিতি কমের কারণ, ভোট পড়ার হার ও নির্বাচন কমিশনের পর্যালোচনার বিষয় চলতি সপ্তাহেই তুলে ধরা হবে। নির্বাচনী তফসিল অনুযায়ী, ২২ জানুয়ারি দেশের ৪৮১টি উপজেলায় একযোগে নির্বাচনের সময়সূচি ছিল। নির্বাচনের আগে দুইটি উপজেলায় এবং নির্বাচনের দিন চারটি উপজেলায় নির্বাচন কমিশন ভোটগ্রহণ স্থগিত করলে ৪৭৫টি উপজেলায় চলে ভোটগ্রহণ। একই দিন সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনার কারণে ৪৯টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণও স্থগিত করা হয়। অবশ্য নির্বাচনী ফলাফল ঘোষণার পর আরও ৭টি উপজেলার ফলাফল গেজেট আকারে প্রকাশে স্থগিতাদেশ দেয় ইসি। ইসি সচিবালয়ের প্রাথমিক হিসাবে দেখা যায়, ৪৭৫টি উপজেলায় এবার ভোটার ৭ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৯৩০ জন। এরমধ্যে মোট ভোট দিয়েছে ৪ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ৬৯৯ জন। এ হিসাবে মোট ভোট পড়েছে ৬৭ দশমিক ৬৯ শতাংশ। প্রদত্ত ভোটের মধ্যে ২৭ লাখ ৯ হাজার ৪৪১ ভোট বাতিল হয়। এ হিসেবে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৪ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার ২৫৮। সেক্ষেত্রে বৈধ ভোটারের হার ৬৩ দশমিক ৯৪ শতাংশ। ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, চেয়ারম্যান পদে বেশি ভোট পড়েছে। এরপর ভাইস চেয়ারম্যান ও সর্বনিম্ন ভোট পড়েছে মহিলা ভাইস চেয়ারম্যান পদে। চেয়ারম্যান পদে মোট ভোটারের ৬৭ দশমিক ৯১ শতাংশ, ভাইস চেয়ারম্যান পদে ৬৭ দশমিক ৬৭ শতাংশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬৭ দশমিক ৩৬ শতাংশ ভোট পড়ে। বিভাগ ওয়ারী হিসাবে দেখা যায়, খুলনা বিভাগে সবচেয়ে বেশি ভোট পড়েছে। সবচেয়ে কম পড়েছে চট্টগ্রাম বিভাগে। আর উপজেলা হিসেবে সবচেয়ে বেশি ভোট পড়েছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এবং সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকার সাভার উপজেলায়। বরিশাল বিভাগে মোট ভোটারের ৬৩ দশমিক ৬০ শতাংশ, চট্টগ্রামে ৬১ দশমিক ২৪ শতাংশ, ঢাকায় ৬৩ দশমিক ৪১ শতাংশ, খুলনায় ৭৪ দশমিক ৫১ শতাংশ, রাজশাহীতে ৭৪ দশমিক ৪৫ শতাংশ এবং সিলেটে ৬৭ দশমিক ১১ শতাংশ ভোট পড়েছে। ৪৭৫টি উপজেলায় ওই তিনটি পদে এবার পদ ছিল ১৪২৫ টি, প্রতিদ্বন্দ্বিী ৮ সহস্রাধিক জন। সংসদে ২৯ ডিসেম্বর ২৯৯ আসনে মোট ভোটার ছিল ৮ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০৬ জন। এর মধ্যে ভোট দিয়েছে ৭ কোটি ৩ লাখ ৫৭ হাজার ৪৪৯ জন; প্রদত্ত ভোটের মধ্যে বাতিল হয়েছে ৬ লাখ ২৫ হাজার ১৮৪ ভোট। বৈধ ভোটের সংখ্যা ৬ কোটি ৯৭ লাখ ৩২ হাজার ২৬৫টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জিএনএ/১৯৩৭ ঘ.