২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রসফায়ার: প্রশ্নবিদ্ধ হলো হাইকোর্টেও

গত কয়েক বছরের মতো ২০০৯ সালেও সমালোচিত ছিলো কথিত ক্রসফায়ার। হাইকোর্টে তা প্রশ্নবিদ্ধ হলেও এর পক্ষে সাফাই গেয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত কয়েক বছরের মতো ২০০৯ সালেও সমালোচিত ছিলো কথিত ক্রসফায়ার। হাইকোর্টে তা প্রশ্নবিদ্ধ হলেও এর পক্ষে সাফাই গেয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। এতদিন 'ক্রসফায়ার' হিসাবে পরিচিত হলেও আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর ঘটনাগুলোকে 'এনকাউন্টার' হিসেবে তুলে ধরে আইন-শৃঙ্খলা বাহিনী, যদিও ঘটনার বর্ণনায় কোনো হেরফের হয়নি। সন্ত্রাস দমনে গঠিত বিশেষ বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সালে 'এনকাউন্টারে' মোট ৬০ জন নিহত হয়। র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারের ভাষ্য অনুযায়ী, র‌্যাব সদস্যরা নিজেদের জানমাল বাঁচাতেই সন্ত্রাসীদের আক্রমণের জবাবে পাল্টা গুলি ছুড়ে থাকে। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, গ্রেপ্তারকৃতদের পরিকল্পিতভাবে হত্যা করে আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ করে র‌্যাব। ক্ষমতা গ্রহণের আগে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতারা কঠোর অবস্থানে থাকলেও ক্ষমতায় যাওয়ার পর মন্ত্রীদের সুর বদলে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু দুজনেই ক্রসফায়ার বা এনকাউন্টারের পক্ষে তাদের বক্তব্য রেখেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, "ক্রসফায়ার বলে কিছু নেই। আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের রক্ষা করতে গিয়ে গুলি ছুড়তে বাধ্য হয়।" হাইকোর্ট যেদিন ক্রসফায়ার বন্ধে স্বঃপ্রণোদিত হয়ে রুল জারি করে সেদিনও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী কোনো ক্রসফায়ার ঘটাচ্ছে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু উল্টো প্রশ্ন তুলে বলেন, "সাপ যদি আপনাকে কামড়াতে আসে, আপনার হাতে যদি লাঠি থাকে, আপনি কি সাপটিকে মারবেন, নাকি লাঠি ফেলে দিয়ে পালিয়ে আসবেন?" ১৬ নভেম্বর মাদারীপুরে র‌্যাবের 'এনকাউন্টারে' নিহত হয় দুই ভাই লুৎফর খালাসী ও খায়রুল খালাসী। একদিন আগে তার পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে আশঙ্কা প্রকাশ করে, দুইজনকে 'ক্রসফায়ারে' দেওয়া হতে পারে। পরদিন ১৭ নভেম্বর হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) ওই ঘটনার কারণ দর্শাতে র‌্যাবের প্রতি নোটিস জারি করে। কিন্তু এরপরও একই ধরনের ঘটনা ঘটলে ১৪ ডিসেম্বর আদালত ক্ষোভ প্রকাশ করে এবং ক্রসফায়ার বন্ধের নির্দেশ দেয়। সেপ্টেম্বরে 'ক্রসফায়ারে' রামপুরার কায়সার মাহমুদ বাপ্পী ও রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দুই কলেজছাত্র নিহত হলে ব্যাপক সমালোচনা উঠে। 'ক্রসফায়ার/এনকাউন্টারে' নিহত অনেকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও এ তিনজনের বিরুদ্ধে কোনো মামলা ছিলো না। কায়সার মাহমুদকে সন্ত্রাসী বাপ্পী মনে করে ৯ সেপ্টেম্বর তাকে ক্রসফায়ারে হত্যা করা হয় বলে তার মা আয়শা আক্তার অভিযোগ করেন। অপরদিকে তেজগায়ের পলিটেকনিকের দুই ছাত্র মো. আলী জিন্নাহ (২২) ও মোহসীন শেখ (২৩) কে র‌্যাব ছিনতাইকারী বললেও তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিলো না। এছাড়া অভিযোগ ওঠে, ১৮ আগস্ট সাতক্ষীরার সদর থানার পুলিশ বাসা থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে স্থানীয় ব্যবসায়ী লুৎফর রহমান গাজীকে (৩২)। ৫ নভেম্বর রংপুরের পীরডাঙ্গায় নিহত হন নুরুজ্জামান নামে স্থানীয় একজন। নানা অভিযোগ আসায় 'ক্রসফায়ার'র কয়েকটি ঘটনা খতিয়ে দেখতে এ বছরই তদন্ত শুরু করে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গঠিত জাতীয় মানবাধিকার কমিশন। কিন্তু র‌্যাব ও পুলিশের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন কমিশন প্রধান বিচারপতি আমিরুল কবির চৌধুরী। ডিসেম্বরের শুরুতে প্রথমে র‌্যাব ও পুলিশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এবং এ বিষয়ে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদনও দেয় মানবাধিকার কমিশন। 'ক্রসফায়ার'র পরিসংখ্যান র‌্যাবের হিসাবে এনকাউন্টারে ২০০৯ সালে জানুয়ারিতে একজন, এপ্রিলে তিনজন, মে মাসে ১২ জন, জুনে একজন, জুলাইয়ে চারজন, আগস্টে আটজন, সেপ্টেম্বরে ১৭ জন, অক্টোবরে নয়জন, নভেম্বরে তিনজন ও ডিসেম্বরে দুজন নিহত হয়। র‌্যাবের 'ক্রসফায়ারে' ২০০৬ সালে ১৯৫ জন, ২০০৭ সালে ৯৩ জন ও ২০০৮ সালে ৮০ জন নিহত হয়। র‌্যাব মহাপরিচালক জানিয়েছেন, প্রতিটি ঘটনার পর তার বাহিনীর পক্ষ থেকে তদন্ত করে দেখা হয়েছে। কোনো ক্ষেত্রেই অনিয়ম পাওয়া যায়নি। র‌্যাবের পাশাপাশি চলতি বছরে পুলিশ সদস্যরাও 'এনকাউন্টার' বা 'ক্রসফায়ার' শুরু করে। মানবাধিকার সংগঠন অধিকার-এর হিসাবে, পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' জানুয়ারিতে ছয়জন, ফেব্র"য়ারিতে একজন, এপ্রিলে একজন, মে মাসে একজন, জুনে পাঁচজন, জুলাইয়ে একজন, আগস্টে ১০ জন, সেপ্টেম্বরে ১৬ জন, অক্টোবরে ১৮ জন ও নভেম্বরে নয়জন নিহত হয়। অধিকারের পরিসংখ্যান অনুযায়ী, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানের সময় কথিত বন্দুকযুদ্ধে ২০০৯ সালে ২৬ জন নিহত হয়। সহকারী মহাপুলিশ পরিদর্শক (জনসংযোগ) মো. নজরুল ইসলামও র‌্যাবের সুরে সুর মিলিয়ে দাবি, করেন ওই ঘটনাগুলো বন্দুকযুদ্ধই ছিলো, পরিকল্পিত হত্যাকাণ্ড নয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়, এরকম প্রতিটি ঘটনাই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত করে দেখা হয়। কিন্তু ২০০৯ সালের কোনো ঘটনায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৯৪৫ ঘ.