২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে সেবাপরায়ণ হতে হবে: প্রধানমন্ত্রী

ঔপনিবেশিক ধ্যান-ধারণামুক্ত হয়ে পুলিশ বাহিনীকে সেবাপরায়ণ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

রাজশাহী, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঔপনিবেশিক ধ্যান-ধারণামুক্ত হয়ে পুলিশ বাহিনীকে সেবাপরায়ণ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, "ঔপনিবেশিক আমলের আইন-কানুন, বিধি-বিধান ও কাঠামোর ব্যাপক সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে 'ফোর্স' থেকে 'সার্ভিসে' রূপান্তর করতে হবে।" বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে শেখ হাসিনা একথা বলেন। প্রধানমন্ত্রী পুলিশে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, নবীন পুলিশ কর্মকর্তারা মানবিক মূল্যবোধকে সবার ওপরে স্থান দিয়ে জঙ্গি-সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। একাডেমীর প্যারেড গ্রাউন্ডে শিক্ষানবিশদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন অনুষ্ঠানে হাসিনা আরও বলেন, "মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে রাজারবাগ পুলিশ লাইনে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল।" প্রধানমন্ত্রী শিক্ষানবিশদের উদ্দেশে বলেন, "এ পেশায় তোমাদের দায়িত্ব যেমন ব্যাপক, তেমনি স্পর্শকাতরও। শিক্ষিত, নিরক্ষর, ধনী-গরীব নির্বিশেষে সমাজের সব ধরনের মানুষের সঙ্গে তোমাদের কাজ করতে হবে। দুষ্টের দমন, শিষ্টের লালন- এটাই হবে তোমাদের একমাত্র বিচার্য বিষয়। "এ জন্য শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, নিষ্ঠা, সততা এবং আইনের শাসনের প্রতি গভীর শ্রদ্ধা রেখে অনুশীলন করতে হবে এবং জঙ্গি-সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তোমাদের ওপর অর্পিত গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।" প্রধানমন্ত্রী তাদের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ, প্যারেড পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কুচকাওয়াজে প্যারেড অধিনায়ক হিসেবে শিক্ষানবিশ এএসপি শফিউর রহমান এবং সহ-অধিনায়ক পরিদর্শক রফিকুল ইসলাম দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বেস্ট রাইডার হিসেবে মতিউর রহমান সিদ্দিকী, বেস্ট একাডেমিক ও বেস্ট প্রবেশনার হিসেবে আ.ফ.ম নিজাম উদ্দিনকে পুরস্কৃত করা হয়। যথাযথ সেবার মাধ্যমে জনগণের পূর্ণ আস্থা অর্জনের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, "বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। তোমাদের কেউ যেন মানবাধিকার লঙ্ঘন না করে সেব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে।" জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পুলিশ বাহিনী যথেষ্ট সুনাম ও প্রশংসা কুড়িয়েছে উল্লেখ করে তিনি জানান, ওই মিশনে ১৪০ সদস্যের নারী পুলিশ পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সদরদপ্তরে 'ক্রাইম প্রিভেনশন সেন্টার' এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) 'ডিএনএ' ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। বিভাগীয় শহরে ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় 'ইন্ডাস্ট্রিয়াল পুলিশ' ও পর্যটকদের নিরাপত্তা বিধানে 'ট্যুরিজম পুলিশ' বাহিনী প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। ২০১২ সালে সারদা পুলিশ একাডেমির শতবর্ষ পূর্তিতে একাডেমিকে একটি বিশ্বমানের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের আইজি নূর মোহাম্মদ, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ ডিআইজি আব্দুস সালাম ছাড়াও মন্ত্রিসভার সদস্য ও সাংসদ, পুলিশ ও অন্যান্য বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এইচএ/১৮৫৯ ঘ.