ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট রিলিফ (টিআর) খাতে ১ লাখ ১১ হাজার ৭৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এবার সংরক্ষিত মহিলা সাংসদদের জন্যও বরাদ্দ রাখা হয়েছে।
গত মঙ্গলবার খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এ বরাদ্দ দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
কিন্তু বাজারে চালসহ খাদ্য দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতির কারণে আগেই এ বরাদ্দ দেওয়া হলো।
এ বরাদ্দ সাংসদরা নিজেদের নির্বাচনী এলাকার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে কাজ করাবেন।
একইসঙ্গে এ খাদ্যের সরবরাহ বাজারে চালের মূল্য কমাতে সাহায্য করবে বলে আশা করছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, টেস্ট রিলিফের জন্য এ বরাদ্দের বাইরেও মন্ত্রণালয় নভেম্বর মাসে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় ২ লাখ ৯ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।
এ নিয়ে খাদ্য নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উন্নয়ন কাজের জন্য সরকার দুই মাসে ৩ লাখ ২০ হাজার ৭৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে।
ইতিমধ্যেই সারাদেশে কাবিখা প্রকল্পের কাজ শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৭৩০ ঘ.
bdnews24