২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনামিকা হত্যার দায়ে একজনের মুত্যুদণ্ড

কেরানীগঞ্জের স্কুলছাত্রী অনামিকা ঘোষ হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 08:07 AM

Updated : 26 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের স্কুলছাত্রী অনামিকা ঘোষ হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার চার নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম বৃহস্পতিবার এ দণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি হচ্ছে- মোহাম্মদ মানিক। যাবজ্জীবন দণ্ডিতরা হচ্ছে- জনি ঘোষ, আনোয়ার হোসেন, নূরুল ইসলাম মুন্সী ও মো. আলাউদ্দিন। রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। টাকা দিতে ব্যর্থ হলে তাদের আরো ১ বছর কারাভোগ করতে হবে। রায়ের পর অনামিকার বাবা সুধারাম ঘোষ কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে আসামিদের প্রিজন ভ্যানে তোলার সময় তাদের বাদিকে লক্ষ করে হুমকি দিতে দেখা যায়। মুক্তিপণ দাবিতে অপহরণের পর কেরানীগঞ্জের বামনসূর প্যাসিফিক কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্রী অনামিকা ঘোষকে হত্যা করা হয়। এ বছরের ১ মার্চ লাশ পাওয়ার পর অনামিকার বাবা হত্যা মামলা দায়ের করেন। ২৭ কার্যদিবসে মামলার বিচার কাজ শেষ হলো। মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২৬ ফেব্র"য়ারি স্কুল থেকে ফেরার পথে স্থানীয় দুর্বৃত্তরা ৯ বছর বয়সি অনামিকাকে অপহরণ করে। পরে তারা ফোনে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সুধারাম ঘোষ ২ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দিতে রাজি হলেও তাতে রফা হয়নি। ১ মার্চে মানিকগঞ্জের শিবালয় এলাকার পাটুরিয়া ফেরিঘাটের কাছে ধুতরা বাড়ি গ্রামের ধান ক্ষেত থেকে অনামিকার লাশ উদ্ধার করে পুলিশ। পরে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। পাঁচ অভিযুক্তই হাকিমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তারা বলেছে, তাদের চিনে ফেলায় অনামিকাকে হত্যা করে তারা।