ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর হাজারীবাগে বুধবার গভীর রাতে একটি বস্তিতে আগুন লেগে কমপক্ষে একশ' কাঁচা ঘর পুড়ে গেছে।
তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে দমকল ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
দমকল বাহিনী সদরদপ্তর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ১২ টার দিকে হাজারীবাগ শিকদার মেডিকেল কলেজের পাশে কালুনগরের একটি বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ছয়টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক খলিলুর রহমান জানান, বস্তির ঘরগুলো বাঁশের তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের অধিকাংশই তখন ছিলেন ঘরে। হঠাৎ আগুনের পর লোকজনের চীৎকার শুনে ঘর থেকে বের হতে পারলেও কোন মালামাল রক্ষা করতে পারেননি তারা।
রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে দমকল কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/০২১৪ ঘ.
bdnews24