সাভার, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার বাজার বাসস্ট্যান্ডে বুধবার সন্ধ্যায় পুলিশের এক ট্রাফিক সার্জেন্টের লাঠির আঘাতে এক কনস্টেবলের মাথা ফেটে গেছে।
গুরুতর আহত এামদাদুল হককে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাভার থানার উপ-পরিদর্শক আবু তাহের বলেন, সাড়ে ৬টার দিকে বাস স্ট্যান্ডের ওভার ব্রিজের নিচে কর্তব্যরত সার্জেন্ট শরিফুল ইসলামের সঙ্গে কনস্টেবল এামদাদুল হকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে শরিফুল একটি লাঠি দিয়ে এমদাদুলের মাথায় জোরে আঘাত করেন। এতে মাথা ফেটে গিয়ে তিনি রক্তাক্ত ও অজ্ঞান হয়ে পড়েন।
এমদাদুলের মাথায় আটটি সেলাই দিতে হয়েছে।
আহত কনস্টেবল অভিযোগ করলে তা ওই সার্জেন্টের বিরুদ্ধে মামলা হিসেবে গ্রহণ করা হবে বলে পুলিশ কর্মকর্তা জানান।
শরিফুল ইসলাম এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা আর এমন কী! এ রকম অহরহ হয়ে থাকে। আমি আপনার সঙ্গে রাতে কথা বলব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০২ ঘ.
bdnews24