কিশোরগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের তারাইল উপজেলায় মঙ্গলবার বিকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ২৮ জন।
আহতদের মধ্যে ১৬ জনকে ঢাকা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাত ১০টায় উদ্ধার কাজ শেষ হয়। বাসটিতে হতাহত আর কেউ নেই বলে পুলিশ জানায়।
নিহতদের নয়জন হলেন তারাইলের ধলা গ্রামের বজলু (৩৫), বরুহার গ্রামের আজিজুল (৪৫), মো. আলম (২৫) ও সোহাগ (৩২), শিমুলহাটী গ্রামের চাঁন মিয়া (৪০) ও নুরুন্নাহার (৩০), দেওআটি গ্রামের আব্দুল হেকিম (২৫), উপজেলা সদরের ঐশী (৩) এবং বাস চালক বুলবুল (৩৫)।
নিহত অপর পাঁচজনের মধ্যে দুইজন মহিলা রয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি।
তারাইল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে তারাইলগামী তালেব পরিবহনের একটি বাস তারাইলের তিন কিলোমিটার পশ্চিমে শিমুলহাটীতে বিকাল সাড়ে ৫টায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
প্রথমে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালায়। পরে দমকল ও পুলিশ সদস্যরা এসে সবাইকে উদ্ধার করে।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ১২ জন মারা যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো দুজন। রাত ১০টার দিকে উদ্ধার কাজ শেষ হয়।
এডিএম দেলোয়ার হোসেন, সিভিল সার্জন দীন মোহাম্মদ, তারাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউসুফ আলী এবং কিশোরগঞ্জ দমকল কর্মকর্তা আতিকুর রহমান ঘটনাস্থলে থেকে উদ্ধার কাজ তদারক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/২২৪০ ঘ.
bdnews24