ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা তৃতীয় পর্ব এবং পূর্বাচল নতুন শহর প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্লট বরাদ্দের লটারি বুধবার। এর মধ্য দিয়ে এ দুটি প্রকল্পের প্লট বরাদ্দ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেয় হচ্ছে।
সকাল ১১টায় সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে। এসময় গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান উপস্থিত থাকবেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোফাখখারুল ইকবাল জানিয়েছেন।
এরআগে দু'টি পর্যায়ে দুটি প্রকল্পে প্লট বরাদ্দে আগ্রহী আবেদনকারীদের জন্য কম্পিউটারাইজড পদ্ধতিতে লটারি অনুষ্ঠিত হয়। ওই দুই পর্যায়ে ১২ ক্যাটাগরির মধ্যে আটটিতে প্লট বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বুধবার যেসব ক্যাটাগরিতে প্লট বরাদ্দ দেওয়া হবে তার মধ্যে রয়েছেন- মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সংসদ সদস্য, সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারি। এছাড়া বাকী অন্যান্য ক্যাটাগরিতে এদিন প্লট বরাদ্দ দেওয়া হবে।
সর্বশেষ দিনে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য দুটি প্রকল্পে মোট এক হাজার ৭৪৮টি প্লট বরাদ্দ দেওয়া হবে। এর মধ্যে পূর্বাচলে মোট ছয় হাজার প্লটের ২৮ শতাংশ হারে এক হাজার ৬৮০টি এবং উত্তরায় ৬০০ প্লটের মধ্যে ২৮ শতাংশ হারে ১৬৮টি।
তবে সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের এসব প্লট বরাদ্দ দেওয়া হবে চাকরির জেষ্ঠ্যতা অনুসারে। গত কয়েক মাস ধরে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারিরা এব্যাপারে যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন্ করেছেন।
প্লট বরাদ্দ নীতিমালা অনুযায়ী মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং সাংসদদের মধ্যে যারা আবেদন করেছেন, তাদের সবাই প্লট পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৫৮ ঘ.
bdnews24