জামালপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, এবারই প্রথমবারের মত বর্গাচাষীদের কৃষি ঋণের আওতায় আনা হয়েছে। সরকার বর্গাচাষীদের জন্য ৫শ' কোটি টাকার কৃষি ঋণ বরাদ্দ রেখেছে।
মঙ্গলবার দুপুরে তিনি জামালপুরের দিগপাইত সামছুর হক ডিগ্রী কলেজ মাঠে ঋণ বিতরণ ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
এ ক্যাম্পে কৃষি ব্যাংক ছোনটিয়া শাখার ২৪০ জন কৃষকের মাঝে ১ কোটি ১৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।
আতিউর বলেন, "কৃষকরা খাদ্য উৎপাদন করেন বলেই অনেক দুর্যোগেও বাংলাদেশ টিকে আছে। অথচ কৃষকরাই বেশি অবহেলিত এবং বঞ্চিত থেকে যাচ্ছে। কৃষি ঋণসহ সব ধরনের সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।
"কৃষকের সন্তানরা বিদেশ থেকে টাকা পাঠায় বলেই রেমিটেন্স বাড়ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে। রপ্তানি আয় বাড়ছে।"
বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোখতার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দ ও জামালপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজাউল করিম রেজনু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮০৭ ঘ.
bdnews24