নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিরচর থেকে রোববার দুপুরে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইনতাজ (৪৫) উপজেলার জরিপাড়া এলাকার মমতাজ সরকারের ছেলে।
গত এক বছর যাবত তিনি ডিক্রিরচর বাজারে নৈশ প্রহরীর কাজ করছিলেন। ওই এলাকার আলমগীরের বাড়িতে তিনি ভাড়া থাকতেন বলে সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. মাহফুজ জানান।
তিনি বলেন, শনিবার রাত ৮টায় বাসা থেকে বের হয়ে ইনতাজ আর ফেরেননি। পরদিন দুপুরে বাজারের পাশের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, তিনদিন আগে কয়েকজন বহিরাগত সন্ত্রাসী ডিক্রিরচর বাজারে এলে ইনতাজ তাদের ধাওয়া করেন। এর জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৫ ঘ.
bdnews24