২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখার প্রস্তুতি

আগামী ১৫ জানুয়ারি বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখার প্রস্তুতি নিয়েছে দুটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 09:45 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৫ জানুয়ারি বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখার প্রস্তুতি নিয়েছে দুটি সংগঠন। এ জন্য সারাদেশে অর্ধশতাধিক ক্যাম্প স্থাপন করা হবে। কেন্দ্রীয় পর্যবেক্ষণ ক্যাম্পটি হবে কক্সবাজার সমুদ্র সৈকতে। সূর্যগ্রহণ দেখার প্রস্তুতি নিয়ে রোববার ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে পরিবেশ আন্দোলন (বাপা) ও অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন। দেশের সেন্টমার্টিন দ্বীপ ও কক্সবাজারের আকাশে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। দুপুর ১২টা ৪৪ মিনিট ৩০ দশমিক ৫ সেকেন্ড থেকে এই গ্রহণের স্থায়িত্ব হবে ৮ মিনিট ২৯ দশমিক ৬ সেকেন্ড। বলয়গ্রাস গ্রহণের সময় সূর্য চাঁদের আড়ালে পুরোপুরি ঢাকা পড়ে না। চাঁদের চারদিকে সূর্যালোকের একটি সরু বলয় বা রিং এর মতো দেখায়। দেশের দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর দিয়ে অতিক্রম করেছে এবারের বলয়গ্রাস সূর্যগ্রহণের মূল মধ্যরেখা। সংবাদ সম্মেলনে জানানো হয়, বলয়গ্রাস সূর্যগ্রহণ বাংলাদেশের আকাশে আবার দেখা যাবে ২০৬৪ সালের ১৭ ফেব্র"য়ারি। চলতি বছরের ২২ জুলাই বাংলাদেশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। ২১১৪ সালের আগে আর কোনো পূর্ণ সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠনের সভাপতি শাহজাহান মৃধা রেনু বলেন, "সারাদেশে ক্যাম্পগুলোতে সবাইকে সূর্যগ্রহণ দেখানোর ব্যবস্থা থাকবে।" তবে বিজ্ঞানীদের জন্য বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ক্যাম্পটি সেন্টমার্টিনের সর্ব দক্ষিণের ছেঁড়া দ্বীপে হবে বলে জানান তিনি। সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে সেখানে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ কেন্দ্র ও ক্যাম্প স্থাপনের আয়োজন থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পরিবেশ আন্দোলনের সহসভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, অনুসন্ধিৎসু চক্রের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম অপু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫৩০ ঘ.