২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগস্ট মামলায় গ্রেপ্তার আতঙ্কে চার শিক্ষার্থী

বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ছাত্র বিক্ষোভের একটি মামলায় চার শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 06:18 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ছাত্র বিক্ষোভের একটি মামলায় চার শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা বলছেন, গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। শিক্ষার্থীরা হলেন- জাহিদুল ইসলাম বিপ্লব, দ্বীন ইসলাম এঞ্জেল, রফিকুল ইসলাম সুজন ও আবুল হাসান। ছাত্র বিক্ষোভের ঘটনায় বেশ কয়েকটি মামলা হলেও সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা একটি মামলা ছাড়া অন্যগুলো তত্ত্বাবধায়ক সরকার আমলেই প্রত্যাহার করা হয়েছিলো। ওই মামলায় গত ১৩ ডিসেম্বর ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী হোসেন চার শিক্ষার্থীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন। দ্বীন ইসলাম এঞ্জেল শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অগণতান্ত্রিক সরকারের নির্যাতনের বিরুদ্ধে আমরাই প্রথম সাহসী উচ্চারণ করেছিলাম। আজকের গণতান্ত্রিক সরকারের ক্ষমতারোহণে আমাদের কিছুটা হলেও অবদান আছে। তাই আমাদের বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত।" মামলায় আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার জানান, গত ১৩ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ছিল। ওইদিন সাত অভিযুক্তের মধ্যে চারজন অনুপস্থিত ছিলেন। সেদিন সময়ের আবেদন করা হলেও আদালত তা নাকচ করে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেন। শাহবাগ থানার ওসি রেজাউল করিম শনিবার জানান, আদালত থেকে এখনো গ্রেপ্তারি পরোয়ানার কাগজ থানায় পৌঁছেনি। মামলাটি প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে।" এ বিষয়ে খুব দ্রুত কোনো ফলাফল পাওয়া যাবে বলেও জানান তিনি। ২০০৭ সালের ২০-২২ আগস্ট পর্যন্ত তিন দিনের ছাত্র বিক্ষোভের সময় ২১ আগস্ট শাহবাগে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছাত্র বিক্ষোভের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক এবং আট শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। একটি মামলায় আদালত সাজা দিলেও রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান তারা। পরে আপিলে নির্দোষ প্রমাণিত হন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমআই/১২১২ ঘ.