লালমনিরহাট, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে লালমনিরহাটগামী আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেসের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ২০ জন আহত হয়েছে। দুর্ঘটনায় ঢাকা-লালমনিরহাট রুটে আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
আহতদের মধ্যে শফিকুল ইসলাম (৫৫), আব্দুল করিম (৪৫), আজিজুল ইসলাম (২৫), শাহানা বেগম (৪০) ও মরিয়মকে (১০) লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও তিস্তা রেল স্টেশনের মাঝামাঝি মোস্তফী এলাকায় শুক্রবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ট্রাফিক (ডিটিএস) ব্যবস্থাপক সৈয়দ জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে লালমনিরহাটের সঙ্গে ঢাকা, বুড়িমারী, শান্তাহারও পার্বতীপুরগামী সব ট্রেন চলাচল আটঘণ্টা বন্ধ ছিল। বিকাল ৫টায় লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে রাত সাড়ে ৯টার দিকে শেষ করে।
তিনি বলেন, একটু বেশি গতিতে চালাতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন এবং এর পরের চারটি বগি লাইনচ্যুত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.
bdnews24