ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তীব্র শৈত্য প্রবাহে উত্তরাঞ্চলের জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এ কারণে শীতজনিত নানা ধরনের রোগ ছড়িয়ে পড়ছে।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতল সূত্র জানায়।
রংপুরে শুক্রবার সর্বনিু তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত দুইদিনে মারা যাওয়া চার শিশু হচ্ছে- গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দের সালাম মিয়ার ৮ মাস বয়সী ছেলে বাবু, তারাগঞ্জে ইকরচালি গ্রামের আবেদ আলীর ১৫ দিন বয়সী মেয়ে ময়না, পীরগঞ্জের মমতাজ মিয়ার ৭ দিন বয়সী ছেলে বাবু এবং নীলফামারীর সৈয়দপুরের বরকত উল্লাহর মেয়ে সানজিদা (৪)।
হাসপাতালের পরিচালক আনিসুল করিম নিউমোনিয়ায় এ চার শিশুর মৃত্যুর কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শীতের তীব্রতা বাড়ায় নিউমোনিয়ার প্রাদুর্ভাব বেড়েছে।"
রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মিজানুর রহমান জানান, শুক্রবার রংপুরের সর্বনিম্ন রেকর্ড করা হয় ৮.৮ ডিগ্রি এবং সর্বোচ্চ ২১ ডিগ্রি সেলসিয়াস। এটি মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।
তাপমাত্রা আরও কমতে পারে বলেও তিনি জানান।
শীত থেকে বঁচার জন্য অনেকেই বাড়ি থেকে বের হচ্ছে না। দরিদ্র পরিবারগুলো শীতবস্ত্রের অভাবে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
দরিদ্র পরিবারগুলোর জন্য ত্রাণ অধিদপ্তর থেকে পাঁচ হাজার কম্বল বরাদ্দ এলেও এগুলো কাকে দেওয়া হয়েছে তার কোনো তালিকা জেলা বা উপজেলা প্রশাসনের কাছে পাওয়া যায়নি।
এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোকলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক আগে সাড়ে হাজার কম্বল ও পাঁচ শ' পিস পুরাতন সোয়েটার বরাদ্দ মিলেছে। এগুলো উপজেলা ওয়ারী ভাগ করে দেওয়া হয়েছে।"
তবে এই শীত বস্ত্রগুলো কাকে দেওয়া হয়েছে তার কোনো তালিকা তার কাছে নেই।
দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরে ৩০ হাজার শীতবস্ত্র চেয়ে জরুরি ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
দিনাজপুর প্রতিনিধি জানান, মৃদু শৈত্য প্রবাহের সঙ্গে সঙ্গে দিনাজপুরে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। গত তিনদিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
আবহাওয়া অফিসের কর্মকর্তা তজিবুর রহমান জানান, চলতি শীত মৌসুমে এ পর্যন্ত সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয় গত বৃহস্পতিবার ১০.৩০ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বনিু তাপমাত্রা ছিল ১০.৪০ ডিগ্রি সেলসিয়াস।
জেলায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জেলা প্রশাসক আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে চার হাজার কম্বল ১৩ উপজেলায় বিতরণ করা হয়েছে। আরও ৮৫ হাজার শীতবস্ত্র (কম্বল, শাড়ি, চাদর, সোয়েটার ও শিশুদের পোশাক) চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/১৯৫৭ ঘ.
bdnews24