ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। একইদিন মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে মারা গেছে একজন। নীলফামারীতে ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নরসিংদী প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুর উপজেলার কারারচর এলাকায় দুপুরে দু'টি যাত্রবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছে।
নিহতদের একজন হল ইলিয়াছ (১২)। অপর দু'জনের নাম জানা যায়নি।
আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবপুর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, বিকাল ৫টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় বিআরটিসি'র একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে অজ্ঞাতনামা এক পুরুষ (৪৩) নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়।
আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সাইফুজ্জামান জানান, মাওয়াগামী বাসটি বেপোরায়া চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর জলঢাকা উপজেলার মন্থেরডাঙ্গা গ্রামে রাস্তার পাশে বসে রোদ পোহানোর সময় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মামুন (১২) মন্থেরডাঙ্গা গ্রামের বদু মামুদের ছেলে।
জলঢাকা থানার ওসি আরমান হোসেন বলেন, দুপুর ২টার দিকে বাড়ির কাছে জলঢাকা-বুড়িমারী সড়কের পাশে বসে রোদ পোহানোর সময় একটি ট্রাক মামুনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৫ ঘ.
bdnews24