ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের টিপাইমুখে প্রস্তাবিত বাঁধ নির্মাণ ঠেকাতে বাংলাদেশ ইসলামী আন্দোলন বৃহস্পতিবার সিলেটের জকিগঞ্জ সীমান্তের উেেদ্দশে বৃহস্পতিবার লংমার্চ শুরু করেছে।
লংমার্চকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে বেশ কয়েক হাজার মানুষ রাজধানীর মুক্তাঙ্গনে জড়ো হন। বিকাল সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ী থেকে বাস, মিনিবাস ও ছোট গাড়িতে করে তারা সিলেটের উদ্দেশে রওনা দেন।
টিপাইমুখ বাঁধ নির্মিত হলে বাংলাদেশের পরিবেশের ওপর তা বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞ ও পরিবেশকর্মীদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। তবে ভারত বলেছে বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু করা হবে না।
লং মার্চে যোগ দিতে সমবেতদের কারণে বৃহস্পতিবার পল্টন, যাত্রাবাড়ী এলাকায় মারাত্মক যানজটের সৃষ্টি হয়।
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে চরমোনাইপীর ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে শুরু হয় ৩ দিনব্যাপী এ 'লংমার্চ'।
সকালে মুক্তাঙ্গনে আয়োজিত সমাবেশে চরমোনাই পীর বলেন, "সরকার যদি টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে দেশবাসী ধরে নেবে ভারতের কাছে প্রতিশ্র"তি দিয়ে তাদের সহযোগিতায় এই সরকার ক্ষমতায় এসেছে। বর্তমানে সরকার সেসব প্রতিশ্র"তি পূরণ করছে।"
লংমার্চে বাধা দিলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
লংমার্চের প্রতি একাত্মতা ঘোষণা করেন বিএনপি'র আমান উল্লাহ আমান, জাসদ এর আসম আবদুর রব, ন্যাশনাল পিপল্স পার্টির চেয়ারম্যান শওকত হোসেন নিলু, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান এবং বিভিন্ন সহমর্মী দলের নেতারা।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার খন্দকার মুহিদ উদ্দিন জানান, লং মার্চকে কেন্দ্র করে মুক্তাঙ্গনে আয়োজিত সমাবেশে প্রায় ১৫ হাজার লোক জড়ো হয়। এর ফলে চরম যানজটের সৃষ্টি হয়।
তিনি জানান, লংমার্চকারীরা পরিবহনের জন্য প্রায় ৫শ' গাড়ি মুক্তাঙ্গনে আনার চেষ্টা করেছিল। পুলিশ অনুমতি না দিলে তারা গাড়িগুলো যাত্রাবাড়ীতে রাখে।
এদিকে লংমার্চের বহর নরসিংদীতে ঢোকার পর 'সন্ত্রাসীরা' ইট-পাটকেল ছুড়ে ও লাঠি দিয়ে ছয়টি গাড়ি ভাঙচুর করে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের গণমাধ্যম সমন্বয়কারী শহীদুল ইসলাম কবীর।
তিনি জানান, গাড়িবহরে হামলার পর লংমার্চকারীরা রাস্তা অবরোধ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লংমার্চের বহরটি রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ করছিল। লংমার্চকারীরা সেখানেই রাত যাপন করবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৩৫ঘ.
bdnews24