কক্সবাজার, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দৈনিক 'আমার দেশ' এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলা কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খারিজ করে দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর বিরুদ্ধে কথিত ঘুষ নেওয়ার 'মিথ্যা প্রতিবেদন' প্রকাশ করায় কক্সবাজারে এক আওয়ামী লীগ নেতা বৃহস্পতিবার এই মামলা দায়ের করেছিলেন।
কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪নং আদালতের বিচারক মীর মো. এমতাজুল হক 'মামলার বাদী প্রকাশিত সংবাদের সংক্ষুদ্ধ পক্ষ নয় অভিমত দিয়ে তা খারিজ করে দেন। ওই মামলায় 'আমার দেশ' সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক মোহাম্মদ হাসমত আলী ও প্রতিবেদক বিশেষ প্রতিনিধি এম. আবদুল্লাহকে বিবাদী করা হয়েছিল।
আদালত সূত্র মতে, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা ও কক্সবাজার থেকে প্রকাশিত 'দৈনিক সমুদ্র ধারা' সম্পাদক কামাল উদ্দিন রহমান পেয়ারো মামলাটি নথিভুক্ত করার আবেদন করলে তা শুনানি করা হয়। পরে বিকালে বিচারক তার চেম্বারে বসে মামলার আবেদনটি খারিজের আদেশ দেন।
একই আদালত গত ২০ ডিসেম্বর কক্সবাজার শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলামের দায়ের করা ১০ কোটি টাকার মামলাটিও খারিজ করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২২৩০ঘ.
bdnews24