২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জোট সরকার এমআরপি প্রকল্প ঝুলিয়ে রেখেছিল'

বিগত বিএনপি-জামায়াত জোট সরকার মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রকল্প ঝুলিয়ে রেখেছিল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 04:30 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত বিএনপি-জামায়াত জোট সরকার মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রকল্প ঝুলিয়ে রেখেছিল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁও পাসপোর্ট অফিসে কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বর্তমান সরকার এই প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করে আগামী এপ্রিল থেকে পাসপোর্ট দেওয়া শুরু করবে বলে মন্ত্রী জানান। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) ২০১০ সালের এপ্রিলের মধ্যে মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা চালু করার জন্য সব দেশকে নির্দেশ দিয়েছে। মেয়াদ পেরিয়ে যাওয়ার পর এমআরপি/এমআরভি ছাড়া বিদেশ যাওয়া সম্ভব হবে না বলে জানিয়ে দেয় সংস্থাটি। এ নির্দেশনার পর বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর দেশে এমআরপি/এমআরভি চালুর জন্য প্রকল্প গ্রহণ করে। এ বছরের জুলাইয়ে প্রকল্পের কাজ শুরু হয়। শেষ হবে ২০১৪ সালের জুনে। সরকার সেনাবাহিনীকে এ প্রকল্পের ব্যবস্থাপনা তত্ত্বাবধানের দায়িত্ব দেয়। ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্ল্যাহকে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়। এ বছরের ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান এবং ২৭ অক্টোবর দরপত্র খোলা হয়। এতে বিভিন্ন দেশের আটটি প্রতিষ্ঠান অংশ নেয়। দরপত্রে বছরে ২২ লাখ পাসপোর্ট সরবরাহ করার কথা বলা হয়েছে। সভায় স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. আব্দুল মাবুদ, এমআরপি ও এমআরভি প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্ল্যাহ, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আতিকুল হক বক্তব্য রাখেন। সাহারা খাতুন রোহিঙ্গাসহ বিভিন্ন জঙ্গী সংগঠনের সদস্যরা যাতে পাসপোর্ট নিতে না পারে সেজন্য পাসপোর্ট কর্মকর্তাদের সর্তক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসাবে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে আরো সমৃদ্ধ করতে সরকার বদ্ধপরিকর। এজন্য দেশের প্রতিটি পাসপোর্ট অফিস কম্পিউটারাইজড করার কার্যক্রম গ্রহণ করেছে সরকার। অধিদপ্তরের মহাপরিচালক জানান, জনবলের স্বল্পতা সত্ত্বেও অধিদপ্তর গত অর্থবছরে ২২ লাখ ৩৮ হাজার ৭৬০টি পাসপোর্ট ইস্যু করে ৭১৯ কোটি টাকা রাজস্ব আয় করে। সভায় এমআরপি ও এমআরভি প্রকল্প পরিচালক প্রকল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, আমরা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছি। দরপত্র পর্যালোচনার কাজ চলছে। আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আগামী বছর ১ এপ্রিলের আগেই এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। স্বরাষ্ট্রসচিব তার বক্তব্যে কর্মকর্তা-কর্মচারিদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের আশ্বাস দেন এবং এব্যাপারে তাদেরকেই প্রস্তাব নিয়ে এগিয়ে আসতে বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২২২৪ ঘ.