ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের মার্চ মাস নাগাদই নতুন ১৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক বৃহস্পতিবার এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে একথা বলেছেন।
২০১৪ সালের মধ্যে সরকার নতুন চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকের পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে স্থায়ী কমিটির চেয়ারম্যান সুবিদ আলী ভূঁইয়া সাংবাদিকদের বলেন, "মন্ত্রণালয় জানিয়েছে, জানুয়ারি মাসেই জাতীয় গ্রিডে অতিরিক্ত ৯৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। মার্চ নাগাদ বাকি ৪০০ মেগাওয়াট উৎপাদিত হবে।"
এর মানে অতিরিক্ত ১৩৬০ মেগাওয়াট মার্চ নাগাদ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।
সুবিদ আলী ভূঁইয়া জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে দরপত্রের কার্যাদেশ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।
প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি আরো বলেন, "সরকারের বিদ্যুৎ উৎপাদনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে বর্তমান সরকারের পাঁচ বছরে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমরা নতুন করে উৎপাদন করতে সক্ষম হবে।"
তখন দেশে বিদ্যুৎ সঙ্কট থাকবে না বলেও আশা প্রকাশ করেন কমিটির চেয়ারম্যান।
সরকারি হিসেব অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরে প্রতিদিন সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে উৎপাদন ছিল মাত্র চার হাজার ৩০০ মেগাওয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২০০১ঘ.
bdnews24