গাজীপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা আদায়ের প্রতিবাদে গাজীপুরে সিএনজি স্কুটার ও টেম্পো চালক ও শ্রমিকরা শ্রীপুর থানার সামনে চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে।
শ্রীপুর উপজেলার জৈনা-কাওরাইদ সড়কে বুধবার এ কর্মসূচি পালিত হয়।
শ্রীপুর থানায় ওসি নাজমুল হক বলেন, দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পঞ্চাশ জনের মতো চালক-শ্রমিক থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় স্কুটার ও টেম্পু চলাচল বন্ধ ছিল।
সমিতির নামে কেউ চাঁদা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে তারা অবস্থান তুলে নেয়।
স্কুটার চালক আব্দুল খালেক জানান, জৈনা-কাওরাইদ সড়কে গাড়ি চালাতে গেলে প্রতিদিন স্কুটার প্রতি ৩০টাকা হিসাবে মাসে ৩ শ' টাকা এবং সমিতিতে ভর্তি ফি'র নামে পাঁচ হাজার টাকা আদায় করা হয়।
স্থানীয় গাজীপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে সমিতির নামে ওই টাকা আদায় করা হয়। না দিলে বিভিন্ন অজুহাতে মাওনা হাইওয়ে পুলিশের সহয়তায় গাড়ি আটকসহ নানাভাবে হয়রানি করা হয় বলে তিনি জানান।
এদিকে চাঁদা আদায়ে পুলিশের সহযোগিতার কথা অস্বীকার করেন মাওনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খাইরুজ্জামান।
গাজীপুর ইউপি সদস্য মো. মঞ্জুরুল ইসলামও টাকা আদায় করা এবং সমিতির অস্তিত্বের কথা অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫১ ঘ.
bdnews24