গাজীপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোখের চিকিৎসার জন্য সাবেক বিএনপি সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা পাঠানো হয়েছে।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খানের অনুমতি পাওয়ার পর বুধবার সকাল ৯টার দিকে তাকে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
সেখান থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তাকে চক্ষু হাসপাতালে নেওয়া হবে। চিকিৎসা শেষে আবার কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা জানান।
জেলার মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার নিউমার্কেট থানার একটি মামলায় চলতি বছরের জুন মাসে গ্রেপ্তার হয়ে পিন্টু কাশিমপুর কারাগারে আসেন।
বেশ কিছুদিন ধরে পিন্টু চোখের সমস্যায় ভূগছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭২০ ঘ.
bdnews24