ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০১০ সাল থেকে বছর শুরুর প্রথম দিন থেকেই মাধ্যমিক ও নিু মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার শিক্ষানীতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান।
নাহিদ বলেন, "দেরিতে ক্লাস শুরু এবং নানা কারণে বিভিন্ন ছুটির ফলে শিক্ষার্থীদের প্রচুর সময় নষ্ট হয়। তাই এসএসসি স্তরে শিক্ষার্থীদের ক্লাস এমনভাবে নেওয়া হবে যাতে তাদের সময় বাঁচে।"
সেইসঙ্গে যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও নিু মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, ২০১০ সাল থেকে মাধ্যমিক ও নিু মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম সাময়িক পরীক্ষা ১৭ এপ্রিল থেকে শুরু করে ২৯ এপ্রিল শেষ করতে হবে। ফলাফল প্রকাশ করতে হবে ১৭ মে।
দ্বিতীয় সাময়িক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৫ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে। ফল প্রকাশ করতে হবে ১৮ আগস্ট। নির্বাচনী পরীক্ষা চলবে ২-১৪ অক্টোবর পর্যন্ত। ফল প্রকাশ হবে ২৪ অক্টোবর।
বার্ষিক পরীক্ষা ২৪ নভেম্বর শুরু হয়ে চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। ফলাফল প্রকাশ করতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১২ দিনের মধ্যে এসব পরীক্ষা শেষ এবং পরীক্ষার নির্ধারিত এই তারিখ পরিবর্তন করা যাবে না। কোনে কারণে তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অনুমতি নিতে হবে।
এছাড়া জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ ও ১৩ ডিসেম্বর। ৯০ দিনের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএনএস/এইচএ/২৩৫৫ ঘ.
bdnews24