২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ডিসিসি নির্বাচনের তফসিল মধ্য ফেব্রুয়ারিতে'

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল আগামী ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। এ লক্ষ্যে জানুয়ারিতেই নির্বাচন বিধিমালা ও আচরণবিধি চূড়ান্ত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 03:16 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল আগামী ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। এ লক্ষ্যে জানুয়ারিতেই নির্বাচন বিধিমালা ও আচরণবিধি চূড়ান্ত করা হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের একথা জানান তিনি। আড়াই বছরেরও বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ এই সিটি করপোরেশনের নির্বাচন মার্চে অনুষ্ঠানের কথা ইতোমধ্যে সিইসি এটিএম শামসুল হুদা জানিয়েছেন। বিধিমালা চূড়ান্ত করার পর ৪০/৪৫ দিন হাতে রেখেই এ নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে বলে জানান সাখাওয়াত হোসেন । ২০০৭ সালের ২৪ মে ডিসিসি'র নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হয়। সাখাওয়াত জানান, মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীরা প্রচারণায় রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না। তিনি বলেন, "এবার নির্বাচনী বিধিমালা এবং আচরণবিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এসব পরিবর্তনের খসড়া প্রায় চূড়ান্ত। কিছু দিনের মধ্যেই আইন মন্ত্রণালয়ে তা পাঠানো হবে। মন্ত্রণালয় তা অনুমোদন করবে।" নির্বাচনে ব্যয় সংকোচনের জন্য বিধিমালায় কিছু সংশোধনও আনা হচ্ছে বলে জানান এই নির্বাচন কমিশনার। এ ক্ষেত্রে ভোটার সংখ্যার অনুপাতে জামানত বাড়ানো, প্রকাশ্যে প্রচার-প্রচারণায় থাকবে কিছু সীমাবদ্ধতা। প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সমমর্যাদার কোনো ব্যক্তি অংশ নিতে পারবেন না। তবে দলীয় লোকজন অংশ নিতে পারবেন বলে জানান সাখাওয়াত হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১০০ ঘ.