ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ছয়চজন নিহত এবং ২৬ জন আহত হয়েছে।
ফেনীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং মাদারীপুরে বাসের ধাক্কায় একজন নিহত হয়। ব্রাহ্মণবাড়িয়ায় দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদের পাঠানো খবর :
ফেনী: সদর উপজেলার লেমুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুুপুরে বাস-ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দু'জন হলেন চৌদ্দগ্রামের মোমেনা বেগম (৬০) ও লিজা (১২)। আরেকজনের পরিচয় জানা যায়নি।
মহাসড়ক পুলিশের মহিপাল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, লেমুয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকায় দুপুর ১টার দিকে ফেনী থেকে খাগড়াছড়িগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে দুই নারী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যায় লিজা। তার ঠিকানা জানা যায়নি।
আহতদের মধ্যে কুমিল্লার বিষ্ণুপুরের কাউছার আহেমেদ সুজন (১৮), চট্টগ্রামের ফটিকছড়ির হাজেরা আক্তার (৫৫), সুরাইয়া (৬), মকছুদুর রহমান (৪০), নূরজাহান (৩২), মায়া বেগম (৩৫), ফেনীর দাগনভুঁইয়ার ছিলোনিয়া এলাকার নূরনবী (৬৫), ছবুরা খাতুন (৪৫), বসুরহাটের বিবি মরিয়ম (১৪), খায়েরা বেগম (৫০) ও লুৎফুন্নাহারকে (১৫) ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর : সদর উপজেলার মোস্তফাপুর বড় ব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সকাল ১১টায় বাসের ধাক্কায় মারা যান মোটর সাইকেল আরোহী রাসেল চোকদার।
ওই সময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১৫ যাত্রী আহত হয়। এর মধ্যে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের চাচা শেরে আলী চোকদার জানান, মোস্তফাপুর বড় ব্রিজের ঢালে ঢাকাগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী রাসেল ঘটনাস্থলেই মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার চান্দুরা এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে মো. শুক্কুর মিয়া (৬) নিহত হয়।
মহাসড়ক পুলিশের খাটিহাতা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন জানান, নিহত শিশুটি সদর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গুচ্ছ গ্রামের মো. আফজাল মিয়ার ছেলে।
এদিকে আখাউড়া উপজেলার ধরখার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যায়। তার লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এমআই/১৯১০ ঘ.
bdnews24