২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচয়পত্র হচ্ছে কৃষকের

দেশে প্রথমবারের মত পৌনে দুই কোটি কৃষকের পরিচয়পত্র তৈরি হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 12:14 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রথমবারের মত পৌনে দুই কোটি কৃষকের পরিচয়পত্র তৈরি হচ্ছে। একটি সমন্বিত তথ্য ভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে 'কৃষি উপকরণ সহায়তা কার্ড' নামে এ পরিচয়পত্র বিতরণ করবে সরকার বলে মঙ্গলবার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, "৬৪টি জেলা থেকে তথ্য সংগ্রহের পর ১ কোটি ৮২ লাখ কৃষক-কৃষাণীর এ পরিচয়পত্র ছাপানোর কাজ চলছে।" ইতোমধ্যে কার্ড ছাপানোর জন্য জেলায় জেলায় টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান মতিয়া। কর্মকর্তারা জানান, কৃষি উপকরণ সহায়তা কার্ডের অন্যতম লক্ষ্য হলো কৃষকের জন্য একটি সমন্বিত তথ্য ভাণ্ডার গড়ে তোলা। তবে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে কৃষিক্ষেত্রে সরকারের দেওয়া কোনও ভর্তুকি সুবিধা নেওয়ার জন্য এ পরিচয় পত্র ব্যবহার করা যাবে। কার্ডের পিছনে সহায়তার পরিমাণসহ অন্যান্য তথ্যও থাকবে। বোরো মৌসুমে ডিজেল ভর্তুকি দেওয়ার আগেই এ কার্ডের ব্যবহার শুরু হবে বলেও কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। এদিকে, আসন্ন বোরো মৌসুমে দেশের প্রায় ১ কোটি কৃষককে ডিজেলের জন্য নগদ ভর্তুকি দেওয়া হবে। মতিয়া চৌধুরী বলেন, "ডিজেলের জন্য কৃষকের ভর্তুকি দেওয়ার বিষয়টি আমরা ঠিক করেছি। কিন্তু কীভাবে দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। "কৃষকদের কীভাবে ভর্তুতি দেওয়া হবে তা নিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে কথা বলার পরই ঠিক করা হবে। তবে আমরা ভর্তুকি দেবো এটা নিশ্চিত", বলেন তিনি। কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ৯০ লাখ কৃষকের ভর্তুকি লাগবে বলে প্রাথমিকভাবে ধরা হয়েছে। প্রত্যেক কৃষক প্রতি লিটার ডিজেলে ৫ টাকা করে ভর্তুকি পাবেন। সর্বোচ্চ তিনবিঘা জমির জন্য এ সুবিধা দেওয়া হবে। প্রতি বিঘা জমিতে বোরো মৌসুমে সেচের জন্য ৩৫ লিটার ডিজেল লাগে বলেও জানান তিনি। এবার ৪৭ লাখ হেক্টর জমিতে ১ কোটি ৯০ লাখ মেট্টিক টন বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭-০৮ অর্থবছরে বোরো উৎপাদনে ডিজেলের জন্য কৃষককে ২৪৯ কোটি টাকা নগদ ভর্তুকি দেওয়া হয়েছিল। চলতি অর্থবছরের বাজেটে কৃষি ভর্তৃকির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৬০০ কোটি টাকা। এর সিংহভাগই ব্যয় করা হচ্ছে সারের ভর্তুকিতে। আর ডিজেল ভর্তুকি হিসেবে ব্যয় ধরা হয়েছে সাড়ে তিনশ কোটি টাকা। তালিকা অনুযায়ী বাংলাদেশে সবচেয়ে বেশি কৃষক ময়মনসিংহ জেলায় (৭ লাখ ৪৯ হাজার ৫১৪ জন) এবং সবচেয়ে কম কৃষক ঝালকাঠী জেলায় (৩৩ হাজার ৫৪২ জন)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/এএল/জিএনএ/১৮১২ ঘ.