২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু

চাঁদপুর শহরের পুরান বাজার দাসপাড়া এলাকায় রোববার রাতে বাড়িতে আগুন লেগে এক বৃদ্ধা পুড়ে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

চাঁদপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর শহরের পুরান বাজার দাসপাড়া এলাকায় রোববার রাতে বাড়িতে আগুন লেগে এক বৃদ্ধা পুড়ে মারা গেছেন। নিহতের নাম- কুলছুমা বেগম (৭০)। আগুন নেভানোর সময় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী। এরা হলেন- ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার আফছার উদ্দিন ও ফায়ারম্যান ইমরান শরীফ। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও একটি বাড়ি পুড়ে গেছে। পুরান বাজার ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার আফছার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে দাসপাড়ায় এলাকায় আগুনে দুটি মুদি, দুটি চায়ের দোকান, একটি সেলুন ও একটি বাড়ি পুড়ে গেছে। আধা ঘণ্টা চেষ্টার পর রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। আফছার উদ্দিন জানান, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে বলেছেন লোকমান কবিরাজের বসত ঘরের কোণা থেকে আগুনের সূত্রপাত। তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন করা হবে। প্রাথমিকভাবে আগুনে সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া গেছে বলে তিনি জানান। আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিক লোকমান কবিরাজ বলেন, তার শ্বাশুড়ি কুলসুমা বেগম, স্ত্রী, মেয়ে-ছেলে ও নাতনি ওই সময় ঘরে ঘুমিয়ে ছিল। তিনি বাইরে ছিলেন। আগুন লাগার পর সবাই ঘর থেকে বের হয়ে আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পাশের ঘরে থাকা শাশুড়িকে বের করে আনা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩৯ ঘ.