ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রণয়ন নিয়ে সাংসদদের সম্পর্কে বিচারপতি নজরুল ইসলামের বক্তব্যকে অজ্ঞতাপ্রসূত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
সাংসদদের নিয়ে দেওয়া বিচারপতির 'এমন বক্তব্য' সমীচীন নয় মন্তব্য করে তিনি বলেন "আমার মনে হয়, অজ্ঞতার জন্যে তিনি এ কাজ করেছেন।"
শনিবার একটি সেমিনারে বিচারপতি নজরুল ইসলাম বলেন, "আইন পাস এতো কঠিন না। আমাদের এখানে কেরানিরা ড্রাফট তৈরি করে। সংসদে হো হো করে সেটা পাস করে। অনেকে পড়েও দেখে না।"
এই বক্তব্যের কারণে ওই বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে নালিশ করবেন বলে রোববার সাংবাদিকদের জানান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
সোমবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ভবন পরিদর্শনে এসে পুরাতন সুপ্রিম কোর্ট ভবনে বিচারপতি ও আইন প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শফিক আহমেদ।
আইন প্রতিমন্ত্রীও এ সময় উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, "একজন সিটিং জাজ আইন প্রণেতা তথা সাংসদদের সম্পর্কে যে উক্তি করেছেন, তা সমীচীন নয়। এ ধরনের বক্তব্যে পার্লামেন্ট সদস্যদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।"
মন্ত্রী বলেন, সংসদ সদস্যরা আইন প্রণয়ন করেন। এর আগে এ বিষয়ে মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত হয়, তা বিল আকারে সংসদে উপস্থাপিত হয়। এরপর যাচাই-বাছাইয়ের জন্য স্থায়ী কমিটিতে তা পাঠানো হয়।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, "এ বিষয়টি তো আমার নয়। তবে কেউ অভিযোগ করলে রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়ে প্রধান বিচারপতিকে বলতে পারেন।"
বিচারপতি নজরুল ইসলাম ২০০১ সাল থেকে হাইকোর্টে বিচারকের দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/জিএনএ/১৫৪৫ ঘ.
bdnews24