২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় কন্টেইনার চলাচলের অনুমতি মিলেনি

বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে ভারতীয় কন্টেইনার-ওয়াগন চলাচলের অনুমতি দিতে রেলওয়ে কর্তৃপক্ষের 'বিশেষ অনুরোধ' সম্বলিত চিঠি ফেরত পাঠিয়েছে রেলওয়ে বিষয়ক সরকারি পরিদর্শক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 05:11 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে ভারতীয় কন্টেইনার-ওয়াগন চলাচলের অনুমতি দিতে রেলওয়ে কর্তৃপক্ষের 'বিশেষ অনুরোধ' সম্বলিত চিঠি ফেরত পাঠিয়েছে রেলওয়ে বিষয়ক সরকারি পরিদর্শক। সরকারি পরিদর্শক আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ভারতীয় কন্টেইনার-ওয়াগনের প্রবেশ পথ এবং গন্তব্য উল্লেখ না থাকায় তারা রেলওয়ের চিঠিটি ফেরত পাঠিয়েছে। বঙ্গবন্ধু সেতু দিয়ে ভারতীয় কন্টেইনার-ওয়াগন চলাচলের অনুমতি চেয়ে গত ১০ নভেম্বর সরকারি পরিদর্শকের কাছে একটি চিঠি পাঠায় বাংলাদেশ রেলওয়ে। সড়কপথে রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলকে সংযুক্ত করেছে গুরুত্বপূর্ণ এই সেতুটি। রেলওয়ের তথ্য অনুযায়ী বেনাপল, দর্শনা ও রহনপুর হয়ে প্রতিদিন কমপক্ষে একটি করে কন্টেইনার-ওয়াগান বাংলাদেশে ঢোকে। এর সবগুলোই বঙ্গবন্ধু সেতুর ওপারে অবস্থিত। আবু তাহের রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"প্রবেশ পথ, রুট ও গন্তব্যের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে আমরা চিঠিটি রেলওয়ের কাছে ফেরত পাঠিয়েছি। এছাড়া রেলপথের নিরাপত্তার দিকটিও চিঠিতে বিবেচনায় আনা হয়নি।" রেলওয়ে বিষয়ক সরকারি পরিদর্শক রেলপথের নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণ করে থাকেন। এছাড়া নতুন কোনো ট্রেন বা সেবা চালু করতে হলে রেলওয়েকে সরকারি পরিদর্শকের কার্যালয় থেকে ছাড়পত্র নিতে হয়। সীমিত ভারবহন ক্ষমতার দুই ধরনের ভারতীয় কন্টেইনার-ওয়াগন বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে চলাচলের যোগ্য বলে সরকারি পরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে রেলওয়ের মহাপরিচালক মো. বেলায়েত হোসেন জানান। রোববার বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিদর্শকের জানতে চাওয়া বিষয়গুলো অবশ্যই আমরা ব্যাখা করবো।" ভারত তার মালবাহী কন্টেইনার-ওয়াগনকে সরাসরি রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য জায়গায় যাওয়ার অনুমতি দেওয়ার জন্য গত কয়েক বছর ধরেই বাংলাদেশকে তাগিদ দিয়ে আসছে। ভারতীয় কন্টেইনার-ওয়াগনগুলোর অধিকাংশই বঙ্গবন্ধু সেতুর ভারবহন ক্ষমতার চেয়ে বেশি ওজনের হওয়ায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ সেতুর উপর দিয়ে ভারতকে পণ্য পরিবহন করতে দিতে রাজি হয়নি। পরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে রেলওয়ে মহাপরিচালক জানান, ভারত এ সেতু দিয়ে চার ধরনের কন্টেইনার পরিবহনের প্রস্তাব দিয়েছে। কিন্তু এর মধ্যে হালকা মডেলের দুই প্রকার কন্টেইনার সেতুটির রেলপথের সব্বোর্চ ভারবহন ক্ষমতা অতিক্রম করবে না বলে রেলওয়ে মনে করছে। সেতুটির রেলপথ প্রতি মিটার দূরত্বে সব্বোর্চ ৪ দশমিক ৬ টন ভার বহনে সক্ষম। কিন্তু উল্লেখিত চার প্রকারের মধ্যে দুই ধরনের ভারতীয় কন্টেইনার প্রতি মিটার দূরত্বে ৫ দশমিক ৭১ টন ভারবহন ক্ষমতার। "এ কারণেই আমরা সেতুটির উপর দিয়ে ওই দুই প্রকারের কন্টেইনার চলাচলের বিষয়টি নাকচ করে দিয়েছি" বলে চিঠিতে মন্তব্য করেন রেলওয়ে মহাপরিচালক । ওই চিঠিতে আরও জানানো হয়, ২০০৭ সালের ৬-৮ মার্চ অনুষ্ঠিত আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে (আইজিআরএম) বঙ্গবন্ধু সেতু দিয়ে তাদের কন্টেইনার-ওয়াগন চলাচলের প্রস্তাব দেয় ভারত। একই বছরের ৮-১০ অক্টোবর নয়া দিল্লিতে অনুষ্ঠিত পরবর্তী আইজিআরএম-এ ভারত বিষয়টি আবারও উত্থাপন করে। অন্যদিকে নেপালে পণ্য পরিবহনের ক্ষেত্রে ট্রানজিট সুবিধা দেওয়ার জন্য ওই দুটি বৈঠকেই ভারতকে অনুরোধ করে বাংলাদেশ। কিন্তু এ বিষয়টি এখনো ঝুলে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/জিএনএ/১১০১ ঘ.