২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুদার বিরুদ্ধে আরেক হত্যা মামলায় অধিকতর তদন্তের আবেদন

বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদার বিরুদ্ধে অন্য একটি হত্যা মামলায় ঢাকার আদালতে অধিকতর তদন্তের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 07:05 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

প্রকাশ বিশ্বাস, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদার বিরুদ্ধে অন্য একটি হত্যা মামলায় ঢাকার আদালতে অধিকতর তদন্তের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। ১৯ বছর আগে ময়মনসিংহের আদালতে বজলুল হুদাসহ ২৯ জনের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়। সোমবার ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আসগর আলীর নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে অধিকতর তদন্ত আবেদনটির শুনানির দিন নির্ধারণ আছে। এছাড়া একই অভিযুক্তদের বিরুদ্ধে একই ঘটনায় দায়ের করা অন্য একটি (অস্ত্র) মামলা ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার শুরুর অপেক্ষায় রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে জানা গেছে। অভিযুক্তদের মধ্যে একজন ইসলামী আন্দোলনের সাবেক আমীর অবসরপ্রাপ্ত মেজর জয়নাল আবেদীনের আইনজীবী আবুল বাসারের কাছ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ওই হত্যা মামলার এজাহার ও অভিযোগপত্রের একটি সত্যায়িত অনুলিপি সংগ্রহ করেছেন। এতে দেখা যায়, ১৯৯০ সালের ১১ ফেব্র"য়ারি সন্ধ্যায় ময়মনসিংহ শহরের 'পূরবী' সিনেমা হলের কাছে ফ্রিডম পার্টি কার্যালয়ের সামনে একটি চায়ের দোকানে অভিযুক্তরা আগ্নেয়াস্ত্রসহ চা খেতে আসেন। তাদের দেখার জন্য লোকজন ভিড় করলে জয়নাল আবেদীন উত্তেজিত হয়ে জড়ো হওয়াদের ওপর গুলি ছোঁড়ার নির্দেশ দেন। সেখানে গুলি করা হলে হারুন নামে এক পথচারীর মৃত্যু হয়। নিহতের ভাই মোশারফ হোসেন বাবলু এ ঘটনায় ৩০ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন। পরে একজনের মৃত্যু হলে তার নাম আসামীর তালিকা থেকে বাদ দেওয়া হয়। ওই ঘটনার পর অভিযুক্ত জয়নালসহ কয়েকজনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর এস এম রফিকুল ইসলাম জানান। একই বছরের ১০ জুলাই পুলিশের ময়মনসিংহ সদর সার্কেলের সহকারী সুপারিনটেনডেন্ট রফিকুল আলম চৌধুরী ময়মনসিংহ জেলা হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে হত্যা মামলাটির কার্যক্রম ময়মনসিংহ জেলা দায়রা আদালতে স্থানান্তর করা হয়। হত্যা মামলাটির কার্যক্রম হাইকোর্টের নির্দেশে দীর্ঘদিন স্থগিত থাকার পর গুরুত্বপূর্ণ মামলা হিসেবে দ্রুত নিষ্পত্তির জন্য প্রায় দুই মাস আগে ময়মনসিংহের আদালত থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। একই ঘটনায় পুলিশ বাদি হয়ে দায়ের করা অস্ত্র মামলাটি ঢাকার অপর একটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে নিষ্পত্তির জন্য পাঠানো হয়। হত্যা মামলার বিচারিক আদালত ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম বেনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "এ মামলায় ময়মনসিংহ আদালতে কোনো সাক্ষ্য এ পর্যন্ত নেওয়া হয়নি। মামলাটির অভিযুক্তদের নাম-ঠিকানা যাচাই না করেই অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। এ কারণে মামলাটির সুষ্ঠু বিচারের স্বার্থেই আবার অধিকতর তদন্ত হওয়া দরকার।" দুই মামলারই নথিপত্রে বজলুল হুদাকে ফ্রিডম পার্টির ভাইস-চেয়ারম্যান উল্লেখ করা হয়েছে। এদিকে জয়নাল আবেদীনের আইনজীবী আবুল বাসার বলেছেন, আসামী বজলুল হুদাকে আদালতে হাজির না করলে মামলাটির শুনানি হবে না। তবে পিপি রফিকুল ইসলাম বেনু বলছেন, বজলুল হুদা বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির আসামী হিসেবে কারাগারে অন্তরীণ রয়েছেন। এ কারণে তাকে নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে হাজির করা হবে না। অভিযুক্ত জয়নাল আবেদীন এ মামলায় কারাগারে আছেন। তিনি ও বজলুল হুদা ছাড়া বাকি আসামিদের সবাই পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২৩৫৫ঘ.