ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের আদিবাসীরা অনেক ভাল আছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার।
বর্তমান সরকার আন্তরিকতা নিয়ে আদিবাসী ইস্যুতে কাজ করে যাচ্ছে দাবি করে তিনি বলেন, "সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে আদিবাসীদের অধিকার প্রদানে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।"
রোববার রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান 'গবেষণা ও উন্নয়ন কালেকটিভ' এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
দীপঙ্কর তালুকদার বলেন, "বাংলাদেশ আইএলও কনভেনশন-১৬৯ এ স্বাক্ষর না করলেও পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে এ কনভেনশনের অধিকাংশ শর্ত বাস্তবায়নের পথে।"
বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বর্তমান সরকার আদিবাসীদের সমস্যা সমাধানে আন্তরিকতার প্রমাণ দিয়েছে দাবি করে প্রতিমন্ত্রী আরও বলেন, "বর্তমান সরকারের আমলে আদিবাসীদের ভূমি সমস্যার সমাধানে পার্বত্য চট্টগ্রামের জন্য ভূমি কমিশন গঠিত হয়েছে। সমতলের আদিবাসীদের জন্যও পৃথক ভূমি কমিশন গঠনের পথে।"
আদিবাসীদের নিয়ে পাঠ্যবইয়ে থাকা 'বিকৃত তথ্য' সংশোধন করা হচ্ছে বলেও জানান তিনি।
একই অনুষ্ঠানে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, "বর্তমান সরকার একদিকে বলছে আদিবাসীদের ওপর রাষ্ট্রের দমন-নিপীড়নের চির অবসান ঘটাবে। অন্যদিকে তারা আইএলও-১৬৯ কনভেনশন অনুমোদনে উদ্যোগ নিচ্ছে না। এছাড়া কোন জাতীয় আদিবাসী নীতিমালাও নাই। এমনকি দেশের সংবিধানে আদিবাসীদের বিশ্বস্বীকৃত অধিকারগুলোও সংযোজিত হয়নি।"
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা বলেন, "এ দেশের মানুষ গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছে। এসব আন্দোলনের সফলতা ও পূর্ণতার জন্যই আদিবাসীদের সব অধিকার নিশ্চিত করতে হবে।"
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দিল্লী কার্যালয়ের ঊর্ধ্বতন শ্রম বিশেষজ্ঞ কোয়েন কোম্পিয়ার তার আলোচনায় আইএলও কনভেনশন-১৬৯ এর উল্লেখযোগ্য অংশগুলো তুলে ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২৩৩৭ঘ.
bdnews24