২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রথম সংসদীয় ককাস গঠনের প্রস্তাব

আদিবাসীদের অধিকার রক্ষায় দেশের প্রথম সংসদীয় ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 05:32 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদিবাসীদের অধিকার রক্ষায় দেশের প্রথম সংসদীয় ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান 'গবেষণা ও উন্নয়ন কালেকটিভ' এর সাধারণ সম্পাদক অধ্যাপক মেসবাহ কামাল এ ককাস গঠনের ঘোষণা দেন। গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এ গোলটেবিল আলোচনা হয়। ককাস হচ্ছে একটি রাজনৈতিক দল বা কোনো বিশেষ আন্দোলনের সমর্থকদের জোট। প্রস্তাবিত এ ককাসের অন্যতম উদ্যোক্তা সাংসদ হাসানুল হক ইনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম ককাস। আগামী জানুয়ারিতে সংসদ অধিবেশনে আমরা ককাসের বিস্তারিত বিবরণ ঘোষণা করবো।" আদিবাসীদের অধিকারের সাংবিধানিক স্বীকৃতি আদায়, তাদের অধিকারকে মানবাধিকার ও বিশেষ অধিকারের দৃষ্টিতে দেখা, স্বাতন্ত্র্য রক্ষা, সংস্কৃতি বিকাশের সুযোগ সৃষ্টি এবং ভূমিসহ সম্পদের ওপর প্রথাগত অধিকারের স্বীকৃতি আদায় করতে এ ককাস গঠন করা হচ্ছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা, অধ্যাপক মেসবাহ কামাল ও আদিবাসী ফোরাম সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রস্তাবিত এ ককাস গঠনে সংসদের বাইরে থেকে সার্বিক সহযোগিতা করবেন। গোলটেবিল আলোচনার দ্বিতীয় অধিবেশনে উপস্থাপন করা মূল প্রবন্ধে অধ্যাপক মেসবাহ কামাল এ ককাস গঠনের প্রস্তাব দিলে উপস্থিত প্রায় সবাই এতে সমর্থন দেন। নেপালের সংবিধান সভার ২৭ জন সদস্যকে নিয়ে আদিবাসীদের ককাস গঠন করা হয়েছে জানিয়ে মেসবাহ কামাল বলেন, নেপালের এ অভিজ্ঞতা আমাদের দেশের ককাস গঠনে কাজে আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২৩২৪ঘ.