ঝালকাঠি, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় একজনকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উপজেলার উত্তর চড়াইল পঞ্চায়েতের হাটে শনিবার রাতে এলাকাবাসী আবদুল বারেক খান (৫৬) নামের ওই ব্যক্তিকে মারধর করে। রোববার সকালে হাসপাতালে তিনি মারা যান।
এলাকাবাসীর বরাত দিয়ে কাঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন, শনিবার রাত ১২টার দিকে আবদুল বারেক খান রাজাপুর থেকে রিকশায় কাঠালিয়া বলতলা গ্রামে তার বাড়ি যাচ্ছিলেন। পথে পঞ্চায়েতের হাটে পৌঁছালে এলাকাবাসী ডাকাত বলে তাকে আটক করে মারধর করে।
আহত অবস্থায় বারেককে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকার চৌকিদার হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, আবদুল বারেক একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে কাঠালিয়াসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24