ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের বকেয়া ঋণ পরিশোধে সুদের হার পাঁচ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি এসব পাটকলকে আবার ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।
সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে পাটজাত পণ্যের বিভিন্ন সমস্যা দূর করতে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় রোববার পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এ নির্দেশ দেন।
তবে বেসরকারি পাটকল মালিকরা এ সুবিধার আওতায় আসছেন না। তারা সহজ শর্তে ঋণ পাবেন।
সভায় বাংলাদেশ ব্যাংক ও পাটকল করপোরেশন জানায়, রাষ্ট্রায়ত্ত্ব ১৬টি পাটকলের কাছে বর্তমানে বিভিন্ন ব্যাংকের ৬৩৮ কোটি টাকার ঋণ বকেয়া রয়েছে। দীর্ঘ দিনেও এ বকেয়া পরিশোধ না করায় ব্যাংকগুলো পাট কলগুলোকে নতুন ঋণ দিচ্ছে না। ঋণ না পাওয়ায় কলগুলো নতুন পাট কেনা ও পণ্য উৎপাদনে সমস্যায় পড়ছে।
সভায় মন্ত্রণালয়, সরকারি সংস্থা বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি), কেন্দ্রীয় ব্যাংক ও ঋণদানকারী ব্যাংকগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে সর্বোচ্চ পাঁচ শতাংশ সুদ কমানোর সিদ্ধান্ত হয়। এর ফলে পাটকলগুলো ১১ থেকে ১৩ শতাংশের বদলে আট শতাংশ হারে সুদ দেবে।
সভা শেষে বস্ত্র ও পাট সচিব আশরাফুল মকবুল জানান, রাষ্ট্রায়ত্ত্ব পাটকলগুলো যাতে নতুন ঋণ পেতে পারে সেজন্যই সুদ কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে বিজেএমসি সুদের হার সাত শতাংশ করার প্রস্তাব দিয়েছিল।
সিদ্ধান্ত অনুযায়ী, এ বকেয়া পরিশোধে পাটকল কর্তৃপক্ষ আরো আড়াই বছর সময় পাবে। এ সময়ে তাদের কিস্তি পরিশোধ করতে হবে না। ৩১ মাস পর থেকে এ ঋণের কিস্তি পরিশোধ করতে হবে।
সভায় শিগগিরই রাষ্ট্রায়ত্ত্ব পাটকলগুলোকে ঋণ দেওয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়। নতুন ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলোর প্রচলিত সুদের হার বহাল থাকবে।
কারখানাগুলো বকেয়া পরিশোধের ক্ষমতা রাখে কিনা- জানতে চাওয়া হলে সচিব আশরাফুল মকবুল জানান, তাদের অবস্থা আগের তুলনায় অনেক ভালো হয়েছে।
পাটমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সচিব আশরাফুল মকবুল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল ইসলাম ও বিজেএমসি'র চেয়ারম্যান টিডি মিত্রসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২০৪২ঘ.
bdnews24