২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ'র গুলিতে হতাহত ২

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে রোববার সকালে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

লালমনিরহাট, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে রোববার সকালে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। নিহতের নাম তপন চন্দ্র বাংলাদেশি নাকি ভারতীয় সেটা নিশ্চিত করতে পারেনি বিডিআর। তার লাশ বিএসএফ নিয়ে গেছে। তবে গুলিবিদ্ধ আজিজুল ইসলাম (৩৫) বাংলাদেশি। তার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার খামারভাতী গ্রামে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৮টার দিকে দইখাওয়া সীমান্তের ৯০২ মেইন পিলারের ৩ নম্বর সাব-পিলারের কাছে বাংলাদেশ সীমানার দুশ' গজ ভেতরে ঢুকে ভারতের বড় মরিচা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে তপন চন্দ্র ঘটনাস্থলেই মারা যান। বিএসএফ সদস্যরা টেনে হেঁচড়ে তার লাশ বড় মরিচা ক্যাম্পে নিয়ে যায়। বিডিআর কর্মকর্তারা জানান, গুলিবিদ্ধ যুবক আজিজুলকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের বরাত দিয়ে তারা জানান, আজিজুল শনিবার দইখাওয়ায় তার আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলেন। ৩১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত তপন চন্দ্র ভারতীয় না বাংলাদেশি তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনার প্রতিবাদ জানিয়ে ইতোমধ্যেই বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৬ ঘ.