যশোর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরে প্রতিপক্ষের হামলায় আহত মুক্তিযোদ্ধা সিদ্দিক আহমেদ (৫০) রোববার মারা গেছেন।
সকালে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাড়ি সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের দৌলতদিহি গ্রামে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।
গত ১৭ ডিসেম্বর পাশ্ববর্তী সাজিয়ালী গ্রামের একটি বাওড়ের দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হন সিদ্দিক আহমেদ।
সকালে তার লাশ নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে শহরের দড়াটানা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্ত্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম।
তিনি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
ফরিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সাজিয়ালি গ্রামের বাওড়ের দখল নিয়ে দু'পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
১৭ ডিসেম্বর রাতে এলাকার ওসমান ও মধুর নেতৃত্বে ২০/৩০ জন ওই জলাশয়ে মাছ ধরতে গেলে তারা বাধা দেন। এ সময় প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালালে তিনি, সিদ্দিক আহমেদ ও বাওড়ের পাহারাদার মুরাদ আহত হন।
হামলার ঘটনায় ২২ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
সদর থানার ওসি আব্দুল কাদের বেগ জানান, হামলার ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- মশিয়ার, জুয়েল, অর্জুন, নিখিল, বাবু ও মুকুল। তাদের সবার বাড়ি সাজিয়ালী গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৯ ঘ.
bdnews24