ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত তারেক রহমানকে 'সন্ত্রাসের প্রতীক' অভিহিত করেছেন সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী। শনিবার বিকালে যুবলীগের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আবদুল গাফফার চৌধুরী বলেন, ''তারেক রহমান সন্ত্রাসের প্রতীক। তাকে নেতৃত্বে এনে বিএনপি নিজেদের দেউলিয়াত্ব প্রমাণ করেছে।''
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদকে 'কাওয়ার্ড'(কাপুরুষ) আখ্যায়িত করে তিনি বলেন, '' বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে যত রকম শয়তানি করা দরকার মওদুদ আইনমন্ত্রী হিসেবে তা করে গেছেন।''
মহানগর নাট্যমঞ্চে মহান বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভা করে যুবলীগ। যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক গাফ্ফার চৌধুরী এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
আওয়ামী লীগ দেশকে করদ রাজ্যে পরিণত করছে জামায়াতে ইসলামীর এ ধরণের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ''জামাতীরা ক্ষমতায় এলে পাকিস্তানের মতো বাংলাদেশও হাফ তালেবান রাজ্যে পরিণত হবে।''
গাফফার চৌধুরী আওয়ামী লীগ সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, টেন্ডারবাজি বন্ধ এবং সন্ত্রাস দূর করার আহবান জানিয়ে বলেন,'' এটা করতে পারলে আওয়ামী লীগ আরও ৫০ বছর ক্ষমতায় থাকতে পারবে।''
আর একটি ১৫ আগস্ট ঘটার আশঙ্কা প্রকাশ করে তিনি সাবধান করে দেন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, সরকার জনগণকে দেওয়া প্রতিশ্র"তি একটি একটি করে পূরণ করে যাচ্ছে।
ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে পাট ও বস্ত্র মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, কবি আসাদ চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম, প্রবাসী সাংবাদিক আমিনুল হক বাদশা, যুবলীগ নেতা হারুন অর রশিদ, শহীদ সেরনিয়াবত, জাহাঙ্গীর কবির রানা, মজিবুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২৩৫৫ঘ.
bdnews24