২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ বিচারে বাধার অভিযোগ তথ্যমন্ত্রীর

দেশি-বিদেশি চক্র যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 03:54 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশি-বিদেশি চক্র যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। তবে কারা এবং কিভাবে বাধা দিচ্ছে সেটা সুনির্দিষ্টভাবে বলেননি তিনি। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর ১৫০ তম জন্মবার্ষিকীতে শনিবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার জেসি বোস ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এই অভিযোগ করেন। এ ব্যাপারে জাতিকে সর্তক থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর জীবন ও কর্মের ওপর আলোচনা এবং শ্রীনগর উপজেলার ২৩টি স্কুলের গ্রন্থাগারের জন্য তার জীবনী গ্রন্থ বিতরণ করা হয়। ইনস্টিটিউশনের ভেতর জগদীশ চন্দ্র বসুর নামে করা যাদুঘরটির উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে- এ প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এ লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষাকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে তার বিকাশে এবং পাশাপাশি প্রযুক্তি খাতকে উন্নত করে ডিজিটাল ও সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। স্যার জেসি বোস ফাউন্ডেশনের সভাপতি এম এ কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ফাউন্ডেশনের সদস্য খোরশেদ আলম, আব্দুর রশিদ শিকদার। প্রবন্ধ পাঠ করেন ইনিস্টিটিউশনের অধ্যক্ষ হিমাদ্রি শেখর পাল। এর আগে মন্ত্রী শ্রীনগরের শ্যামসিদ্ধির মঠ এবং মাইজপাড়া মঠ পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৩ ঘ.