ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি ও আরবি মাধ্যমে শিক্ষাদানের নামে বিভিন্ন প্রতিষ্ঠান অনিয়ম করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
তিনি বলেন, "২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এ জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষাব্যবস্থা ও শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা। কিন্তু ইংরেজি ও আরবি মাধ্যমের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা অনিয়ম করে চলেছে। যা পুরো শিক্ষা ব্যবস্থার জন্যই হুমকিস্বরূপ।"
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "ঢালাওভাবে ইংরেজি ও আরবি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান চালুর ফলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এছাড়া বিভিন্ন পাঠ্যক্রম অনুসরণের ফলে শিক্ষার্থীদের মাঝে চিন্তার দূরত্বও সৃষ্টি হচ্ছে।"
এ ধারাটি (ইংরেজি ও আরবি) শিক্ষার বাণিজ্যিকীকরণে সহায়তা করছে মন্তব্য করে উপাচার্য আরও বলেন, "এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।"
'ড. মুহম্মদ শহীদুল্লাহর শিক্ষাচিন্তা' শীর্ষক এ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক মনসুর মুসা।
অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঞ্জুর ই এলাহী'র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, অধ্যাপক আব্দুল কাইয়ুম, রফিকুল ইসলাম, অধ্যাপক আহমদ কবীর ও আবুল কাশেম ফজলুল হক আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩০৭ ঘ.
bdnews24