ঝালকাঠি, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের মীরেরহাট বাজারে শুক্রবার আগুনে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, দুপুরে নামজ পড়ার সময় বাজারে আগুন লাগে। এতে মুদী, মনোহারি, চা, তৈরি পোশাক, ওষুধ, স্টুডিও, সেলুন, সিমেন্ট, টেইলার্সসহ অন্তত ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।
পরে ঝালকাঠি, রাজাপুর ও ভাণ্ডারিয়া থেকে আসা দমকলের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে দমকলের ঝালকাঠি স্টেশন মাস্টার আব্দুল আজিজ বেপারি জানান।
দমকলের হিসাবে ২৫ লাখ টাকা ক্ষতির কথা বলা হলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এক কোটি টাকা ক্ষতি হবে বলে জানান।
অগ্নিকাণ্ডের কারণে রাজাপুর-কাঠালিয়া সড়ক যোগাযোগ পাঁচ ঘণ্টার মতো বন্ধ ছিল বলে স্থানীয়রা জানায়।
ঘটনার পরপরই ঝালকাঠির পুলিশ সুপারিনটেনডেন্ট সরদার তমিজউদ্দীন আহমেদ, রাজাপুর উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুসহ প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০০ ঘ.
bdnews24