২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ২৩ জানুয়ারি থেকে শিশু চলচ্চিত্র উৎসব

ঢাকায় ২৩ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী তৃতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 02:08 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ২৩ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী তৃতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উৎসব পরিচালক মোরশেদুল ইসলাম এ কথা জানান। ২০০৮ সাল থেকে প্রতিবছর চিলড্রেন'স ফিল্ম সোসাইটি, বাংলাদেশ এই উৎসবের আয়োজন করে আসছে। এবারের উৎসবের শ্লোগান-'ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন'। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ জানুয়ারি উৎসব উদ্বোধন করবেন বলে সম্মতি দিয়েছেন। উৎসব সম্পর্কে মোরশেদুল ইসলাম বলেন, দেশ-বিদেশের সৃজনশীল চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের শিশুদের বিভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো এবং তাদের মেধা ও মননের বিকাশ সাধনই এ চলচ্চিত্র উৎসবের মূল লক্ষ্য। উৎসব পরিচালক জানান, এবার উৎসবে ৪৬টি দেশের ১৫০টিরও বেশি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব শুধুমাত্র ঢাকার কেন্দ্রস্থলে সীমাবদ্ধ না রেখে পুরো শহরব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। এটি একযোগে ১২টি ভেন্যুতে চলবে। এবার উৎসবের কেন্দ্রস্থল হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বর ও শওকত ওসমান মিলনায়তন। অন্য ভেন্যুগুলো হচ্ছে- বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন, স্টার সিনেপ্লেক্স, ব্রিটিশ কাউন্সিল, জার্মান সাংস্কৃতিক কেন্দ্র, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র, ইরান সাংস্কৃতিক কেন্দ্র, আলিয়ঁস ফ্রঁসেজ এর ধানমণ্ডি ও উত্তরা কেন্দ্র। এছাড়া মিরপুর, আগারগাঁও ও খিলগাঁওয়ের তিনটি মিলনায়তনে প্রদর্শিত হবে ছবিগুলো। মোরশেদুল ইসলাম আরো জানান, সারাদেশের ১২৫ জন শিশু প্রতিনিধিকে উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ১০ জন সুবিধাবঞ্চিত ও ১০ জন প্রতিবন্ধী শিশু। আরো থাকছে- দিনব্যাপী কর্মশালা, সেমিনার, বিশিষ্টজনদের সঙ্গে আড্ডার আয়োজন। ২৪-২৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা, দুপুর ২ টা, বিকেল চারটা ও সন্ধ্যা ছয়টায় ছবি প্রদর্শিত হবে। শিশুরা বিন্যামূল্যে প্রদর্শনী দেখতে পারবে। তবে ১৮ বছরের বেশি বয়সীদের টিকেট কাটতে হবে। টিকেটের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা। ওয়ারিদ টেলিকম ও ইউনিসেফ-এর সহায়তায় চিলড্রেন'স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এবারের উৎসব আয়োজন করছে। সংবাদ সম্মেলনে ওয়ারিদের প্রতিনিধি আসাদুজ্জামান, ইউনিসেফ'র প্রতিনিধি আরিফা শারমিন, টিআইবি'র প্রতিনিধি রেজওয়ানুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৯৫৫ ঘ.