নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে নিট পোশাক শ্রমিকদের উৎসব শুক্রবার।
শহরের ইসদাইরে অবস্থিত ওসমানী পৌর স্টেডিয়ামে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) আয়োজিত এই উৎসব ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিকেএমইএ'র প্রত্যাশা উৎসবে এক লাখ শ্রমিকের সমাবেশ ঘটবে।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকাল সাড়ে ৯টায় উৎসবের উদ্বোধন করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
সংবাদ সম্মেলনে বিকেএমইএ সভাপতি ফজলুল হক বলেন, গত বছর থেকে শুরু হয়েছে এই শ্রমিক উৎসব। শ্রমিকদের আনন্দের জন্য প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হবে।
তিনি বলেন, "কেবল মালিক ও শ্রমিকদের মধ্যে দুরত্ব কমিয়ে আনতেই আমাদের এই উদ্যোগ। শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর অন্য কোন দেশে এ রকম উৎসব আগে কখনো হয়নি।"
বিকেএমইএর সভাপতি জানান, শ্রমিকদের অংশগ্রহণে একটানা সাত ঘণ্টার বেশি অনুষ্ঠানের আয়োজন করা হবে। আনুমানিক এক লাখ শ্রমিক উৎসবে অংশ নিবে বলে তারা আশা করছেন। উৎসবে ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনব্যাপী শ্রমিক উৎসবে থাকবে দলীয় সংগীত, একক সংগীত, নৃত্য, যাদু, কৌতুক, নাটক, আদিবাসী নৃত্য, ফ্যাশন শো।
বারোয়ারি মেলায় থাকবে নাগরদোলা, বায়েস্কোপ, হাতি, ঘোড়া, বানর খেলা, পুতুল নাচ, লাঠি খেলা, ম্যাজিক শো, ব্যালুন ফোটানো, মাটির খেলনা। থাকছে যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা।
সমাপনী পর্বে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী বালাম ও শাহনাজ বেলী। রাতে থাকবে আতশবাজি প্রদর্শনী।
সাত ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে শ্রমিকরাই। এর জন্য সাতশ' শ্রমিকের মধ্য থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দুশ' শ্রমিককে বাছাই করা হয়েছে।
আনোয়ারা ফেব্রিকসের শ্রমিক সুমি নাচ শেখার জন্য ভর্তি হয়েছে নাচের স্কুলে। মেট্রো নিটিংয়ের আরিফ, মিডল্যান্ড নিটওয়্যারের রাসেল, ফকির এ্যাপারেলসের বিল্লাল, রূপসী গ্র"পের শামীম ও মোহন নিয়মিত নাচ শেখে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। নিজেদের উদ্যোগে গান শেখে মডেল ডি ক্যাপিটালের শ্রমিক শাহনাজ ও ফকির এ্যাপারেলসের বিল্লাল।
উৎসবকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে তল্লাশি চালায়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক মঈনউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উৎসবের দিন মাঠে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া সাদা পোশাকে নজরদারি করবে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৩ ঘ.
bdnews24