২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুল কাশেমের প্রার্থিতা বাতিলের রায় স্থগিত

জাতীয় সংসদের টাঙ্গাইল-৫ আসনের সাংসদ আবুল কাশেমের প্রার্থিতা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 08:35 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের টাঙ্গাইল-৫ আসনের সাংসদ আবুল কাশেমের প্রার্থিতা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। কাশেমের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা বৃহস্পতিবার এ আদেশ দেন। হাইকোর্ট মঙ্গলবার এক রায়ে খেলাপি ঋণের জন্য জাতীয় পার্টির আবুল কাশেমের প্রার্থিতা বাতিল করে ওই আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়। চেম্বার বিচারপতি ছয় সপ্তাহের মধ্যে আবুল কাশেমকে নিয়মিত আপিলের আবেদন করতে বলেছেন। স্থগিতাদেশের পর আবুল কাশেমের কৌঁসুলি শাহ মনজুরুল হক সাংবাদিকদের বলেন, এর ফলে আবুল কাশেম সাংসদ হিসেবে দায়িত্ব পালন করে যেতে পারবেন। আবুল কাশেমের পক্ষে শুনানি করেন তার কৌঁসুলি রফিক উল হক। তাকে সহায়তা করেন শাহ মনজুরুল। মাহমুদুল হাসানের পক্ষে শুনানি করেন তার কৌঁসুলি এ জে মোহাম্মদ আলী। গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী আবুল কাশেম লাঙল প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন। ৭২ হাজার ৮০৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন মাহমুদুল হাসান। কাশেমকে ঋণখেলাপি দাবি করে নির্বাচনের পর গত ফেব্র"য়ারি মাসে মাহমুদুল হাইকোর্টে আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৯ ঘ.