ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দোহারে বুধবার রাতে ডাকাতের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রাত ২টার দিকে মইতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে দোহার থানার উপ পরিদর্শক (এসআই) আজাদ হোসেন জানান।
নিহত মো. হোসেন (১৮) মইতপাড়ার মো. ইলিয়াসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মইতপাড়া গ্রামের নুরুল হক মোল্লার বাড়িতে রাতে ৩০/৩৫ জনের ডাকাত দল হামলা চালায়। ডাকাতি শেষে বেরিয়ে যাওয়ার সময় তারা 'চোর', 'চোর' বলে চিৎকার করতে থাকে। এ সময় হোসেন এবং আরও কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে বের হলে ডাকাতরা তাদের লক্ষ করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
এতে মুখে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই হোসেন নিহত এবং অপর এক যুবক আহত হন বলে এসআই আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, "ডাকাতরা বাড়ির গ্রিল কেটে ঘরে ঢুকে নুরুল হকের ছেলে নাসিরকে মারধর করে। নাসির কিছুদিন আগে ইতালি থেকে দেশে ফিরেছে।"
প্রাথমিক হিসেবে নূরুল হকের বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং বাড়ির জরুরি কিছু কাগজপত্র ডাকাতি হয়েছে বলে পুলিশ জানায়।
ময়না তদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১২০ ঘ.
bdnews24