চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভেতরে ঢুকতেই দেখা প্রণব সরকারের সঙ্গে। নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পাস করা এই যুবক চারিত্রিক সনদ নেওয়ার জন্যে পৌরসভায় এসেছেন।
পৌর সেবার কর আদায়ের কাগজপত্র দেখিয়ে চারিত্রিক সনদ তুলে নিয়ে প্রণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুধু দিনেই নয়, মাঝ রাতে কেউ শুধু ফোন করে প্রয়োজনীয় সহযোগিতা চাইলেই ব্যবস্থা নেওয়া হয়। পৌরসভার প্রবেশ পথে অভ্যর্থনা কেন্দ্রে এ সেবা চালু থাকে ২৪ ঘণ্টা।
পৌরসভার ভেতরের দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে 'সিটিজেন চার্টার'। পৌরবাসী কী সেবা পাবে এবং কার কাছে পাবে- তা সবিস্তারে লেখা। কোনো নিরক্ষর বা অশিক্ষিত পৌরবাসীও যদি যান তার আবেদনপত্র লিখে দেওয়ার লোক রয়েছে পৌরসভায়।
পৌরকর পরিশোধে কম্পিউটারাইজ পদ্ধতি চালু থেকে শুরু করে পৌরবাসীর পারিবারিক বিবাদ নিষ্পত্তি, পয়োঃনালা ও পয়োঃনিষ্কাশন সুবিধা বাড়ানো, অভিযোগ বাক্স খোলা, সুধীজনদের নিয়ে নগর পরিচালনা, দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচিসহ নানা ধরনের কার্যক্রম সচল রয়েছে এ পৌরসভায়।
সংশ্লিষ্টরা জানান, সরকারের সহায়তার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার নির্দেশনা ও সঠিক নেতৃত্ব থাকলে দক্ষতাকে কাজে লাগিয়ে একটি পৌর এলাকায় কীভাবে নাগরিক সুবিধা দিতে পারে- তার উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে চাপাইনবাবগঞ্জ পৌরসভা।
পৌর মেয়র আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি প্রকল্প (ইউজিপ-আরবান গভার্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ইমপ্রুভমেন্ট) বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকায় নাগরিক সেবা প্রদানে এ ধরনের কার্যক্রম সম্ভব হয়েছে।
পৌরসভা ভবনকে দুর্নীতিমুক্ত ও ধুমপানমুক্ত ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশে মাঝারি শহর উন্নয়নে এলজিইডির মাধ্যমে ১৯৯১ সাল থেকে সহায়তা শুরু করে এডিবি। ২০০৩ সালের মাঝামাঝি নগর পরিচালন ও অবকাঠামোগত উন্নতিকরণ প্রকল্প শুরু হয়।
প্রকল্প পরিচালক আমজাদ হোসেন জানান, প্রথম পর্যায়ে ২২টি পৌরসভায় কাজ শুরু হয়। এরমধ্যে কর্মসূচি বাস্তবায়নে সফলতা দেখাতে না পারায় তিনটি পৌরসভাকে দ্বিতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়নি। ২০০৬ সালে ওই প্রকল্পে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা অন্তর্ভুক্ত হয়। তৃতীয় পর্যায়ে এখন ২৭টি পৌরসভায় এ প্রকল্প চলছে।
প্রকল্পের অধীনে ক্ষুদ্রঋণ বিতরণ কর্মসূচিতেও সাফল্য এসেছে জানিয়ে তিনি বলেন, "বস্তির উপকারভোগী মহিলারা স্বাবলম্বীই হয়নি, তারা সঞ্চয়ও করছেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত থাকায় পৌরসভায় সুশাসনেরও ভিত্তি তৈরি হয়েছে।"
ভুতপুকুর এলাকার সুবিধাভোগী নারী মুদি দোকানদার বুলবুলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রকল্পের ঋণ নিয়ে আমার জীবনটাই পাল্টে গেছে। প্রথমবার তিন হাজার টাকা নিয়ে তা পরিশোধ করেছি। এখন ১০ হাজার টাকা ঋণ নিয়েছি। প্রতি সপ্তাহে ঋণ পরিশোধের পাশাপাশি ২০ টাকা করে সঞ্চয়ও করছি।"
বাংলাদেশে এডিবি'র আবাসিক প্রতিনিধি পল জে হেইটেনস মঙ্গলবার নবাবগঞ্জ পৌরসভার উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, "এডিবি সরকারের প্রকল্পে সহায়তা দিয়ে আসছে বরাবরই। এ ধরনের প্রকল্পে যে সত্যি সত্যি পৌরবাসীর উপকার হচ্ছে তাতে আমিও খুশি।
"বিশেষ করে পৌরবাসীর চিত্র পাল্টে গেছে
bdnews24