২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক এএসআই রিমান্ডে, অন্য দুই পুলিশ পলাতক

টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তারকৃত পুলিশের সহকারি উপ-পরিদর্শক মইনুল হোসেনকে একদিনের রিমান্ডে নিয়েছে পল্টন থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 07:12 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তারকৃত পুলিশের সহকারি উপ-পরিদর্শক মইনুল হোসেনকে একদিনের রিমান্ডে নিয়েছে পল্টন থানা পুলিশ। এই ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠা অন্য দুই পুলিশ সদস্য রওশন জামান এবং সাজু মিয়াকে বুধবার পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পল্টন থানার উপপরিদর্শক মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ সদস্য মইনুল হোসেনকে বুধবার একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার সাড়ে ১৬ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে জনতা মইনুলকে ধরে ফেলে। উপ পরিদর্শক মাহমুদুল ইসলাম জানান, ঘটনার সময় অন্য দুই পুলিশ সদস্য ছিল বলে গ্রেপ্তারকৃত মইনুল হোসেন বলেছে। তবে মামলার বাদি দুই পুলিশ সদস্যের নাম বলেননি। ফলে প্রকৃত অর্থে তারা জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে যেহেতু নাম এসেছে সে জন্য তাদের খোঁজা হচ্ছে। গ্রেপ্তার মইনুল হোসেন আদাবর থানায় কর্মরত। এছাড়া পলাতক উপপরিদর্শক রওশন জামান কোতওয়ালি থানায় এবং কনস্টেবল সাজু মিয়া গোয়েন্দা বিভাগে কর্মরত । গত মঙ্গলবার দুপুরে সোনারগাঁও রোডের মোতালেব প্লাজার এক মোবাইল ফোন দোকানের দুই কর্মচারী সাড়ে ১৬ লাখ টাকা নিয়ে মতিঝিল থেকে রিক্সায় কাকরাইলে যাওয়ার সময় মোটর সাইকেল আরোহী তিন ব্যক্তি তাদের পথ আটকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তাদের চিৎকারে জনতা এগিয়ে এসে একজনকে ধরে ফেলে এবং অন্য দু'জন পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের সহকারি উপপরিদর্শক মইনুল হোসেন বলে নিজের পরিচয় দেন। তার সঙ্গে যারা ছিল তারাও পুলিশ সদস্য বলে জানান মইনুল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২৩৫৫ঘ.