২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিজয় দিবস উদযাপিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার খুলনায় বিজয় দিবস পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 04:30 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

খুলনা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার খুলনায় বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে বিজয়দিবসের প্রথম প্রহরে গল্লামারীতে অবস্থিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এর মধ্যে ছিল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, জাসদ, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পী গোষ্ঠী, খুলনা প্রেস ক্লাব প্রভৃতি। সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও বেসরকারি সংস্থা অংশগ্রহণ করে। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বর থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালিতে সর্বস্তরের এক হাজারেরও বেশি মানুষ অংশ নেন। দুপুর ১২টায় জেলা প্রশাসকের দপ্তরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। বক্তব্য দেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান, মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান, অধ্যাপক আলমগীর কবীর প্রমুখ। বিকাল ৪টায় স্টেডিয়ামে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ছাড়া নগরীর শহীদ হাদিস পার্কে ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া 'বিজয় উৎসব' বুধবার শেষ হয়। বঙ্গবন্ধু পরিষদ এ উৎসবের আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২২১ঘ.