রাজশাহী, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ মিনারে আগে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সুযোগ না দেওয়ায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্থানীয় মুক্তিযোদ্ধারা বুধবার বিক্ষোভ করেছেন। তারা প্রতিবাদে কিছু সময় অনশনও পালন করেন।
বিজয় দিবসের প্রথম প্রহরে মুক্তিযোদ্ধারা পুস্পস্তবক নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিতে এলে উপজেলা প্রশাসন প্রথমে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের সুযোগ দেয়। এতে ক্ষোভ প্রকাশ করে মুক্তিযোদ্ধারা সবার শেষে পুস্পস্তবক অর্পণ করেন।
রাতের ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার সকালে মুক্তিযোদ্ধারা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় শহীদ মিনারে আধ ঘণ্টা প্রতীকী অনশন করেন। এসময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবি করেন।
এসময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দিলদার হোসেন, মুক্তিযোদ্ধা মনিউর রহমান, গোলাম মোস্তফা মুন্টু, আব্দুর রফিক, হাবিবুর রহমান, স্থানীয় নাগরিক কমিটির নেতা সুশান্ত কুমার মজুমদার, গোদাগাড়ী পৌর সভার কাউন্সিলর সালাহউদ্দিন বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।
এ ব্যাপারে গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ঘটনায় মুক্তিযোদ্ধারা 'সামান্য অভিমান' করলে পরে বিষয়টি মীমাংসা হয়।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা ড. জুলিয়া মঈন এ প্রসঙ্গে বলেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানের মধ্যস্থতায় বিষয়টির সমঝোতা করা হয়। পরে দুপুরে উপজেলা পরিষদ মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাও দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/
bdnews24