কোপেনহেগেন, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কোপেনহেগেন সম্মেলনে একটি চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।
কোপেনহেগেনে মঙ্গলবার বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, " ইতিহাসের গতিধারা বদলে দেওয়ার সুযোগ এসেছে। আমাদের সামনে আরেকটি বছর অপেক্ষা করার সময় নেই। প্রকৃতি কাউকেই এতটুকু ছাড় দেয় না।
"এই আলোচনায় সবার প্রত্যাশা পূরণ হবে না। তবে আমরা যদি ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাই তবে সবার চাহিদা পূরণ করা সম্ভব।"
ধনী দেশগুলো কিওটো প্রটোকলকে হত্যার চেষ্টা করছে- দরিদ্র ও স্বল্পোন্নত দেশগুলোর এমন অভিযোগের পর একদিন আগে আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়।
১৮ ডিসেম্বর সম্মেলনের শেষ দিনে বিশ্ববাসীর সামনে সম্মেলনের ঘোষণা উপস্থাপন করবেন বিশ্বনেতারা।
গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসের ব্যাপারে ধনী দেশগুলোর কাছ থেকে সুস্পষ্ট অঙ্গীকার, তাপমাত্রা ও সমুদ্র পৃষ্ঠে পানির উচ্চতা বৃদ্ধি হ্রাস এবং বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দীর্ঘ মেয়াদী লক্ষ্যমাত্রা নির্ধারণে একটি চুক্তির বিষয়ে আলোচনা চলছে।
তবে প্রত্যাশিত অভিযোজন তহবিলের বিষয়ে এখনো সংশয় কাটেনি।
জাতিসংঘ মহাসচিব বলেন, "ঐকমত্যে পৌঁছার সময় এসে গেছে। যত শিগগির সম্ভব ২০১০ সালেই আইনি বাধ্যবাধকতা সম্পন্ন একটি জলবায়ু চুক্তির ভিত্তি রচনা করা করাই আমাদের লক্ষ্য।
"তিন বছর ধরে আমি বিশ্বনেতাদের আলোচনার টেবিলে নিয়ে আসার চেষ্টা করছি।"
ডেনিস প্রধানমন্ত্রী লার্স লক্কে রাসমুসেন বলেন, "চুক্তি হওয়ার বিষয়টি স্পষ্ট। তবে এটি যথেষ্ট জটিলও বটে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এইচএ/২০০৫ ঘ.
bdnews24