২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোড শোতে জ্বালানি খাতের সুবিধা তুলে ধরেছে বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সুবিধাগুলো ব্রিটিশ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সামনে তুলে ধরেছে লন্ডন সফররত বাংলাদেশ প্রতিনিধিদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 09:00 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

সৈয়দ নাহাস পাশা, লন্ডন থেকে লন্ডন, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সুবিধাগুলো ব্রিটিশ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সামনে তুলে ধরেছে লন্ডন সফররত বাংলাদেশ প্রতিনিধিদল। মঙ্গলবার লন্ডনের মিলেনিয়াম গ্লোস্টার হোটেলে বাংলাদেশ সরকার আয়োজিত 'ইনভেস্টমেন্ট কনফারেন্স অ্যান্ড রোডশোতে' রোলস রয়েস, এন পাওয়ার এবং জিসিএম রিসোর্সেসসহ ২২ টিরও বেশি ব্রিটিশ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লন্ডনে দু'দিনের এ রোডশোর আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এসএ সামাদ, লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদুর রহমান খান, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন, পিডিবির চেয়ারম্যান এএসএম আলমগীর, বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ এবং পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরেন। বিশ্বব্যাংকের প্রতিনিধি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগকারীদের মধ্যে শীর্ষ কয়েকজনও এতে বক্তব্য দেন। তৌফিক-ই ইলাহী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্ভাব্য বিদেশী বিনিয়োগকারীদের দেখাতে চাই যে আমরা ব্যবসার ক্ষেত্রে সিরিয়াস। আমরা তাদের কাছে এসেছি, তাদের কথা শুনতে চাই। এটা একটি প্রস্তুতি। এতে প্রকৃত বিডিংয়ের সময় তাদের উত্থাপিত বিষয়গুলো সমাধান করতে পারবো।" কবে নাগাদ বাংলাদেশের কয়লা নীতি ঘোষণা করা হবে জানতে চাইলে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, "কয়লা নীতি আমাদের বিবেচনার মধ্যে রয়েছে। তবে এটা মনে রাখতে হবে কয়লা উত্তোলন একটি সময়সাপেক্ষ ব্যাপার। দেশের চাহিদা তো আর বসে থাকবে না। তাই সমান্তরালভাবে আমরা আমদানি করা কয়লা দিয়ে কাজ শুরু করবো। যখন আমাদের নিজেদের কয়লা আসবে তখন এর রিপ্লেসমেন্ট করা হবে।" বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আগামী মাসে সিঙ্গাপুর ও নিউইয়র্কে একই ধরনের আরও দুটি রোডশোর আয়োজন করার পরিকল্পনাও উল্লেখ করেন তৌফিক ইলাহী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/০২৪০ঘ.